‘দেখে নেব’ বলে সাংবাদিককে হুমকি কর আদায়কারীর

‘আপনারা যা পারেন লিখেন, আমার কোনো সমস্যা নেই। আপনাকে দেখে নেব।’ সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে জানতে চাইলে এভাবেই সংবাদকর্মীকে হুমকি দেন কর আদায়কারী মুনছুরুল আলম। ঘটনাটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১০ নম্বর বাতিসা ইউনিয়ন পরিষদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে আদায় করা করের ২০ শতাংশ ভাগাভাগির শর্তে মুনছুরুল আলম লোকবল নিয়ে হোল্ডিং ট্যাক্স আদায় করছেন। এ ছাড়া একই বছরে দুবার কর আদায়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাতিসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের সঙ্গে ২০ শতাংশ ভাগাভাগির শর্তে মুনছুরুল আলমকে হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ কর আদায়ের জন্য তার নামে কোনো সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান নেই। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই স্ট্যাম্পে চুক্তি করে তিনি ব্যক্তিগতভাবে এই কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি কর আদায়ে যুক্ত রয়েছেন বলেও স্থানীয়দের ভাষ্য।

মুনছুরুল আলম পটুয়াখালীর বাউফল উপজেলার আতশখালী গ্রামের মহিউদ্দিন মোল্লা। তার নিয়োগের বৈধতা এবং অন্য ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউনিয়নবাসী।

নাম প্রকাশ না করার শর্তে বাতিসা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক দফা হোল্ডিং ট্যাক্স নেওয়া হয়। কয়েক মাসের ব্যবধানে নভেম্বর মাসে আবারও কর আদায় শুরু হয়েছে। এতে একই বছরে দুবার হোল্ডিং ট্যাক্স দেওয়ার চাপে পড়েছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, কর দিতে অনীহা দেখালে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে না বলে জানানো হচ্ছে। এ পরিস্থিতিতে তারা কোথায় বিচার চাইবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

হোল্ডিং ট্যাক্স আদায়ের বৈধতা ও নিবন্ধিত প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চাইলে মুনছুরুল আলম বলেন, তিনি চেয়ারম্যানের মাধ্যমে ট্যাক্স আদায় করছেন। তার নামে কোনো সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান আছে কি না—এ প্রশ্নে তিনি জানান, কিছুই নেই। এরপরই তিনি সংবাদকর্মীকে ওই হুমকি দেন।

অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন দাবি করেন, ২০২৪-২৫ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদায় করা হয়েছে এবং এখন ২০২৬-২৭ অর্থবছরের টাকা আদায় করা হচ্ছে। তবে সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে কর আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে পরে কথা বলবেন বলে জানান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ‘আমি এখানে যোগদান করেছি চার দিন হয়েছে। বিষয়টি মাত্র শুনলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা ও আরএম শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।