দেশে পঙ্গুত্বের প্রধান এবং মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো এই স্ট্রোক। স্ট্রোক মস্তিষ্কের এমন এক মারাত্মক রোগ, যার ফলে রক্তনালিতে জটিলতা দেখা দেয় এবং হঠাৎ করেই মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারিয়ে ফেলে। মস্তিষ্কের কোষ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অক্সিজেন ও শর্করা সরবরাহে সামান্য ব্যত্যয় ঘটলেই কোষগুলো মারা যেতে শুরু করে। আঘাতজনিত কারণ ছাড়া যদি মস্তিষ্কের কোনো অংশের রক্ত চলাচল বিঘিœত হয় এবং তা ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় অথবা এর মধ্যে রোগীর মৃত্যু ঘটে, তবে তাকে স্ট্রোক বলা হয়।
স্ট্রোক হলে শরীরের যেকোনো একদিকে হাত-পা ও মুখম-ল প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। ব্রেনের বাঁ দিকে স্ট্রোক হলে ডান দিকের অংশ এবং ডান দিকে স্ট্রোক হলে বাঁ দিকের হাত-পা অকেজো হয়ে পড়ে। অর্থাৎ ব্রেনের যে অংশ শরীরের যে অংশ নিয়ন্ত্রণ করে, সেখানে আঘাত হানলে সেই স্থানগুলো অচল হয়ে যায়। স্ট্রোকের ধরন ও পরিমাপ অনুযায়ীই পক্ষাঘাতের মাত্রা নির্ধারিত হয়।
স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে ‘বিই ফাস্ট’ (ইঊ ঋঅঝঞ) পদ্ধতি অনুসরণ করতে হবে। স্ট্রোকের লক্ষণ চিনে রোগীকে দ্রুত নির্দিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
স্ট্রোক প্রতিরোধ ও চিকিৎসা দুটিই সম্ভব। নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ফাস্টফুড ও পোড়া তেলে ভাজা খাবার এড়িয়ে চলা এবং রাতে নিয়ম করে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। মনে রাখতে হবে, সঠিক জীবনযাপনের মাধ্যমে ৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা যায়।
কাউকে যদি কখনো এক হাত, এক পা এবং মুখের এক পাশ ব্যবহার না করে স্বাভাবিক কাজ করার চেষ্টা করতে বলা হয়, তবে তিনি কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন যে একজন স্ট্রোক আক্রান্ত রোগীর জীবন কতটা ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যায়। তাই দেরি না করে নিজের পরিবারকে সচেতন করুন এবং স্ট্রোকের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।