 আইসিজের রায়

বাস্তবায়নে প্রয়োজন আন্তর্জাতিক দায়িত্বশীলতা 

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংগঠনের জন্য দেশটিকে দায়ী করেছে। আদালত বলেছে, ২০১৭ সালে সেখানে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে চালানো অভিযানে জেনোসাইডের মতলব ছিল। তখন প্রায় ১০ হাজার মানুষকে খুন করা হয়েছে। প্রায় ৪০০ গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। তারও আগে, বহু বছর নিরাপত্তা বাহিনী এই জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংসের জন্য জন্ম সীমিত করা এবং তাদের চলাচল ও বেঁচে থাকার সুযোগ সংকুচিত করতে নানাবিধ রাষ্ট্রীয়ব্যবস্থা চালু করে। 

আইসিজে অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ করে। আর ব্যক্তির দায়বদ্ধতা নির্দিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিজে রায়ে কয়েকবার মিয়ানমারের তদানীন্তন সামরিক প্রধান, যিনি বর্তমান প্রেসিডেন্ট, মিন অং হ্লাইংয়ের নাম বলে অপরাধ সংঘটনে এবং এর প্রতিকারে ব্যর্থতায় ‘নেতৃত্বের দায়ের’ (সুপিরিয়র রেসপনসিবিলিটি) প্রসঙ্গটি তুলে ধরেছে। এতে মিন অং হ্লাইং-সহ জেনোসাইডে জড়িতদের আইসিসির মাধ্যমে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ সাজার আওতায় আনার ক্ষেত্র তৈরি করেছে। আমরা সামগ্রিকভাবে আইসিজের রায়কে স্বাগত জানাই।

জাতিসংঘ সনদ অনুযায়ী, আইসিজের রায় মানার বাধ্যবাধকতা মিয়ানমারের রয়েছে। তা সত্ত্বেও, বিষয়টি আদালতের প্রতি দেশটির সরকারের শ্রদ্ধাবোধ, নিরাপত্তা পরিষদের মাধ্যমে তা কার্যকর করার সম্ভাবনা এবং সমান্তরাল আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে। আমরা চাই, নিরাপত্তা পরিষদের সব স্থায়ী সদস্যরাষ্ট্র ভূ-রাজনৈতিক স্বার্থপরতার ঊর্ধ্বে থেকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আদালতের রায় অনুযায়ী, মিয়ানমার সরকারকে অবশ্যই অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেনোসাইডে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সবাইকে রাখাইনে নিজ বাসস্থানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের বাজেয়াপ্ত ও ধ্বংস করা সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এবং সংঘটিত ক্ষতির জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

মিয়ানমার রায় বাস্তবায়নে ব্যর্থ হলে, গাম্বিয়া যারা মামলাটি দায়ের করেছিল বিষয়টি নিরাপত্তা পরিষদে তুলতে পারবে। নিরাপত্তা পরিষদের এক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে। মিয়ানমার জান্তার সঙ্গে স্বার্থের সম্পর্কের কারণে নিরাপত্তা পরিষদের ২/১টি স্থায়ী সদস্যরাষ্ট্র ভেটো দেওয়ার মাধ্যমে এমন পদক্ষেপ আটকে দিতে পারে। বর্তমান জান্তা-সরকারের অনেকে ২০১৭ সালে দমন-পীড়নের নেপথ্যে ছিলেন। তাই মানবাধিকার গোষ্ঠীগুলো রায় বাস্তবায়নে বাহ্যিক চাপ এবং সমান্তরাল বিচারিক ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক আইন কার্যকর করার ‘সর্বজনীন এখতিয়ারের’ আওতায় তৃতীয় যেকোনো দেশের জাতীয় আদালত আইসিজের রায়কে ভিত্তি হিসেবে ব্যবহার করে অপরাধীর বিচার করতে পারে। অন্যদিকে, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও ফ্রান্সসহ মামলাটিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়া ১১টি দেশসহ বিভিন্ন দেশ ও জোট এই রায়কে ভিত্তি করে মিয়ানমারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ, সম্পদ জব্দ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা তৈরির মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বিপদে পড়ে ১৯৭৮ সাল থেকে যতবারই এসেছে, বাংলাদেশ সবসময় মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে যারা এসেছে, তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ। চুক্তিগুলো বাস্তবায়নে দেশটি গড়িমসি করছে। আমরা মনে করি, আইসিজের রায়ে চুক্তিগুলো বাস্তবায়নের পথ খুলতে পারে।  আমরা এটাও মনে করি, সীমান্তের বাস্তবতা ও রাখাইন রাজ্যের পরিবর্তিত ক্ষমতার সমীকরণ মাথায় রেখে কেবল জান্তা সরকারের ওপর নির্ভর না করে বাংলাদেশের জন্য দেশটিতে প্রভাবশালী সবার সঙ্গে কৌশলগত ও বাস্তবসম্মত যোগাযোগ রাখা প্রয়োজন হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও আইসিজের রায় বাস্তবায়নের প্রক্রিয়ায় আঞ্চলিক শক্তি চীন ও ভারত এবং থাইল্যান্ডসহ আসিয়ানকে যুক্ত করে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো এখন সময়ের দাবি।

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পাওয়া আন্তর্জাতিক মানবিক সহায়তা কমতে কমতে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের জন্য মানবিক সহায়তা ও দায়িত্ব ভাগাভাগি (বার্ডেন-শেয়ারিং) বাড়ানোর উদ্যোগ নেওয়াও প্রয়োজন। এক্ষেত্রে, আমরা সরকারের সব কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ আশা করি।