বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির আলোচনায় দারিদ্র্য হ্রাসের সাফল্য দীর্ঘদিন বিশেষ গুরুত্ব পেয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, অবকাঠামোর সম্প্রসারণ ঘটেছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে এবং গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এসব অর্জনের পাশাপাশি একটি কঠিন বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছেন। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। আরও প্রায় দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার কাছাকাছি অবস্থান করছেন, যারা সামান্য অর্থনৈতিক সংকটেও আবার দরিদ্র হয়ে পড়তে পারেন। ১২ নভেম্বর ২০২৬ তারিখে ‘দৈনিক দেশ রূপান্তর’-এ প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে দেশের বর্তমান দারিদ্র্যের এই নির্মম চিত্রটি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। ওই প্রতিবেদনে দেশের প্রচলিত উন্নয়ন-ভাবনা ও তথাকথিত অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলো নিয়ে নীতিনির্ধারক ও গবেষকদের মনে নতুন করে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা অর্থনৈতিক অগ্রগতির পরও কেন দেশের বিপুলসংখ্যক মানুষ আজও চরম দারিদ্র্যের ঘূর্ণাবর্তে বন্দি রয়েছে তা আজ এক বড় উদ্বেগের বিষয়। প্রবৃদ্ধির বাহ্যিক সুফল কেন সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সেই প্রশ্নটি আজ জোরালোভাবে সামনে এসেছে। এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে স্রেফ জাতীয় প্রবৃদ্ধি কিংবা মাথাপিছু জিডিপির খাতার হিসাব কষলে চলবে না; বরং দেশের সাধারণ মানুষের প্রকৃত আয়, কর্মসংস্থানের স্থায়িত্ব, লাগামহীন জীবনযাত্রার ব্যয় এবং মৌলিক সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির নির্মম বাস্তব চিত্রটিকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এই হার ছিল যথাক্রমে ২৪ দশমিক ৩ ও ১২ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ একসময় দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, আয়বৈষম্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা সেই অর্জনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়নে ২০২৫ সালে দারিদ্র্যের হার ২১ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর কথা বলা হয়েছে। ২০২৬ অর্থবছরেও উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল শ্রমবাজারের কারণে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে বলে ওই মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। একই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনুমানিক ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসা পরিস্থিতিকে আরও কঠিন করেছে। দারিদ্র্য বাড়ার অন্যতম কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি। চাল, ডাল, ভোজ্য তেল, মাছ, মাংস, ওষুধ, বাসাভাড়া ও যাতায়াতের খরচ বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হচ্ছে। আয় যে হারে বাড়ছে, ব্যয় বাড়ছে তার চেয়ে দ্রুত। ফলে সংসার চালাতে গিয়ে অনেক পরিবার খাবারের পরিমাণ ও পুষ্টিমান কমাচ্ছে, চিকিৎসা পিছিয়ে দিচ্ছে এবং সন্তানের শিক্ষা ব্যয় সংকুচিত করছে। এর প্রভাব শুধু বর্তমান জীবনযাত্রায় সীমাবদ্ধ থাকে না; শিশুদের পুষ্টি, শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়। যে পরিবার প্রতিদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম খায়, তাদের পক্ষে সঞ্চয় করা বা বিপদের সময় আর্থিকভাবে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। অসুস্থতা, কাজ হারানো কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো একটি ঘটনা তাদের সামান্য সঞ্চয়ও শেষ করে দিতে পারে। ফলে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা যেমন কঠিন, দারিদ্র্যে ফিরে যাওয়াও তেমন সহজ।
কর্মসংস্থানের সংকটও দারিদ্র্যের অন্যতম বড় কারণ। সামগ্রিক বেকারত্বের হার দিয়ে শ্রমবাজারের প্রকৃত অবস্থা বোঝা যায় না। তরুণ, উচ্চশিক্ষিত ও নারীদের মধ্যে বেকারত্বের চাপ বেশি। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার ৮ দশমিক ৪৯ শতাংশ; শহরাঞ্চলে তা ১৩ দশমিক ২৭ শতাংশ। উচ্চশিক্ষিত নারীদের ক্ষেত্রে এই হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। শিক্ষার বিস্তার ঘটলেও সেই অনুযায়ী মানসম্মত কর্মসংস্থান তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও অনেক তরুণ দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না। এতে তাদের ব্যক্তিগত হতাশার পাশাপাশি পরিবারের ওপরও আর্থিক চাপ বাড়ছে। অন্যদিকে, বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন, যেখানে নিয়মিত আয়, চাকরির নিরাপত্তা, পেনশন কিংবা অসুস্থতার সময় আর্থিক সহায়তার নিশ্চয়তা নেই। দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও গৃহকর্মীদের অনেকেরই কাজের নিশ্চয়তা নেই; কোনো দিন কাজ থাকলেও অন্য দিন আয় থাকে না। দারিদ্র্য মোকাবিলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব অপরিসীম। কিন্তু এসব কর্মসূচির আওতা ও উপকারভোগী নির্বাচনে বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রায় ৪৮ শতাংশ চরম দরিদ্র পরিবার কোনো সামাজিক সুরক্ষা সুবিধা পায় না। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের ৫২ দশমিক ৪ শতাংশও সরকারি সহায়তার বাইরে রয়েছে। অন্যদিকে, তালিকাভুক্ত সুবিধাভোগীদের ৬০ শতাংশের বেশি প্রকৃত দরিদ্র বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় বলে সংশ্লিষ্ট মূল্যায়নে উঠে এসেছে। অর্থাৎ যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের অনেকে বঞ্চিত হচ্ছেন; আবার যাদের সহায়তা প্রয়োজন নেই, তাদের একটি অংশ সুবিধা পাচ্ছেন। উপকারভোগী নির্বাচনে স্থানীয় প্রভাব, স্বজনপ্রীতি ও তথ্যের ঘাটতি এ সমস্যাকে আরও বাড়ায়। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ব্যাহত হয় এবং প্রকৃত দরিদ্র মানুষের প্রতি অবিচার করা হয়।
সামাজিক সুরক্ষায় বরাদ্দও প্রয়োজনের তুলনায় কম। আন্তর্জাতিক শ্রম সংস্থার পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যয় জিডিপির মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ, যেখানে দক্ষিণ এশিয়ার গড় ৩ দশমিক ৮ শতাংশ। বয়স্ক ও বিধবা ভাতার মাসিক পরিমাণ ৬৫০ টাকা বর্তমান বাজারদরের তুলনায় যা অত্যন্ত অপ্রতুল। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেওয়া ভাতাও তাদের অতিরিক্ত চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় মেটাতে যথেষ্ট নয়। সামাজিক নিরাপত্তার লক্ষ্য হওয়া উচিত শুধু অসহায় মানুষকে কিছু অর্থ দেওয়া নয়; বরং তাদের খাদ্য, চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপনের নিরাপত্তা নিশ্চিত করা। দারিদ্র্যের চাপ সব অঞ্চল ও জনগোষ্ঠীর ওপর সমানভাবে পড়ে না। চর, হাওর, উপকূল, পাহাড়ি জনপদ, নদীভাঙনপ্রবণ এলাকা এবং উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠী জীবিকা ও কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে বেশি ঝুঁকিতে রয়েছে। নদীভাঙনে বসতভিটা ও জমি হারানো পরিবার কিংবা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে আগের অবস্থায় ফিরে আসা সহজ নয়। প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পরিচ্ছন্নতাকর্মী, ভূমিহীন কৃষিশ্রমিক এবং নারীপ্রধান পরিবারও শিক্ষা, চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থানে নানা বাধার মুখে পড়ে। নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য স্পষ্ট। কর্মরত নারীদের ৯৫ দশমিক ৯৬ শতাংশ অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত, যেখানে পুরুষের ক্ষেত্রে এ হার ৭৮ দশমিক ০৮ শতাংশ। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু ভাতা বিতরণ বা সাময়িক খাদ্যসহায়তা যথেষ্ট নয়। প্রথমত, প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার শনাক্ত করতে একটি হালনাগাদ, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় সামাজিক নিবন্ধনব্যবস্থা গড়ে তুলতে হবে। উৎপাদনশীল খাতে কর্মসংস্থান বাড়াতে হবে। কৃষি প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, স্থানীয় শিল্প এবং গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি করা জরুরি। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে, যাতে প্রশিক্ষণ শেষে তরুণরা কাজ পান বা নিজের উদ্যোগ গড়ে তুলতে পারেন। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সমান মজুরি ও শিশুযতেœর সুবিধাও নিশ্চিত করা প্রয়োজন। চর, হাওর, উপকূল ও নদীভাঙনপ্রবণ এলাকার জন্য পৃথক উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। এসব অঞ্চলে যোগাযোগ ও অবকাঠামোর পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদনে সহায়তা, বিকল্প জীবিকার সুযোগ, বাজারসংযোগ, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সুরক্ষা বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মূল্যায়ন, স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।
দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়; এটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা ও সুযোগের অভাবেরও প্রকাশ। তাই দারিদ্র্য বিমোচনকে শুধু একটি অর্থনৈতিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না; এটি সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়িত্বের প্রশ্ন। একটি দেশের উন্নয়ন কতটা সফল, তা শুধু সেতু, সড়ক বা বড় অবকাঠামো দিয়ে বিচার করা যায় না। দেখতে হবে, একজন ভূমিহীন কৃষক, একজন চরবাসী, একজন প্রতিবন্ধী ব্যক্তি কিংবা একজন কর্মহীন তরুণ কতটা মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বাঁচতে পারছেন। প্রবৃদ্ধির প্রকৃত সার্থকতা তখনই, যখন তার সুফল সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের জীবনেও পৌঁছায়। সাড়ে তিন কোটি মানুষের দারিদ্র্য আমাদের সেই অসমাপ্ত দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়।
লেখক: গবেষক ও উন্নয়নকর্মী
matiurrahman588@gmail.com