অন্যের দোষ গোপন রাখার ফায়দা

মানুষ মাত্রই ভুল করে। অন্যের ভুল দেখে তাকে অপমান করা কিংবা সবার সামনে তার দোষ প্রকাশ করা উচিত নয়। বরং সংশোধনের সুযোগ দেওয়া এবং তার সম্মান রক্ষা করা উত্তম চরিত্রের পরিচয়। ইসলাম মানুষের ব্যক্তিগত সম্মান ও মর্যাদাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্যের দোষ গোপন রাখা এবং গোপনে তাকে সংশোধনের চেষ্টা করাকে প্রশংসনীয় কাজ হিসেবে বিবেচনা করেছে।

অন্যের দোষ গোপন রাখার অন্যতম বড় পুরস্কার হলো, মহান আল্লাহও বান্দার দোষ গোপন রাখবেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত মানুষের জন্য সহজ ব্যবস্থা করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার জন্য সহজ ব্যবস্থা করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।’ (সহিহ মুসলিম ২৬৯৯)

এই হাদিসে অন্যের দোষ গোপন রাখার পাশাপাশি মানুষের বিপদে সহযোগিতা করার অসাধারণ মর্যাদা তুলে ধরা হয়েছে। অর্থাৎ একজন মুমিনের উচিত অন্যের দুর্বলতাকে উপহাসের বিষয় না বানিয়ে তার সম্মান রক্ষায় সচেষ্ট হওয়া। কারও ব্যক্তিগত ভুল জানতে পারলে তা নিয়ে আলোচনা, প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন।

তবে অন্যের দোষ গোপন রাখার অর্থ অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। কেউ অপরাধ করলে, মানুষের অধিকার নষ্ট করলে কিংবা অন্যের ক্ষতির কারণ হলে তাকে যথাযথভাবে প্রতিরোধ করা জরুরি। বিশেষ করে কারও জীবন, সম্পদ ও সম্মান বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে।

লেখক : ইসলামি গবেষক