বই পরিচিতি

রসিক হুমায়ূন

বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ শুধু বড়দের মধ্যেই জনপ্রিয় ছিলেন না, ছোটদের কাছেও ছিলেন ভীষণ জনপ্রিয় লেখক। তোমাদের জন্য রূপকথা, মজার ভূত, নীল হাতি, একি কাণ্ড, পুতুল, বোকাভূ, পরীর মেয়ে মেঘবতী, চেরাগের দৈত্য এবং বাবলু তার জনপ্রিয় কিছু শিশুসাহিত্য। জনপ্রিয় এই লেখকের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো, হাস্যরস। সাধারণ কথাগুলোও তার লেখনীর গুণে অসাধারণ হাস্যরসের সৃষ্টি করত। তার নিজের জীবনের ঘটনাগুলোও কম মজার নয়। তার প্রমাণ মেলে কথাসাহিত্যিক তাপস রায়ের ‘রসিক হুমায়ূন’ বইয়ের প্রতিটি পাতায়। বইটি সববয়সী পাঠকের জন্যই লিখিত। তবে হুমায়ূনের শৈশবের কিছু ঘটনা আছে রয়েছে যেগুলো শিশুরা ভীষণ উপভোগ করবে।

তোমাদের ভীষণ পছন্দের লেখক ধ্রুব এষ। তিনি যে চমৎকার সব প্রচ্ছদ আঁকেন সে তো তোমরা জানোই। হুমায়ূন আহমেদ যখন আগুনের পরশমণি সিনেমা বানাচ্ছেন তখন ধ্রুব এষকে উপন্যাসের নায়ক বদিউল আলম হিসেবে ঠিক করলেন। ধ্রুব এষ বললেন, আমি তো কোনো দিন অভিনয় করিনি। হুমায়ূন আহমেদ  বললেন, তাতে কী? আমিও তো জীবনের সিনেমা বানাইনি।

ছোটবেলায় হুমায়ূন ছোট ভাই আহসান হাবীবকে উৎসাহ দিতে বলেছিলেন, পরীক্ষায় ভালো করলে একজোড়া বক্সিং গ্লাভস পাঠাবেন। আহসান হাবীব বক্সার মোহাম্মদ আলীর ভক্ত ছিলেন। কিন্তু পরীক্ষায় তিনি ভালো করতে পারলেন না। হুমায়ূন শুনে চিঠি লিখলেন, দুটো না, একটা গ্লাভস পাঠাচ্ছি।

শুধু নির্ভেজাল আনন্দই না, জীবনের নানা সময়ে কেমন নির্বিকার থেকে জীবনকে উপভোগ করা যায় তা দেখতে পাবে বইটি পড়লে।