জোছনার ঝিকমিক

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম

চাঁদ হাসে ফিকফিক

  জোছনার ঝিকমিক

    পৃথিবীতে ঠিক-ঠিক

       আলো দেয় ছড়িয়ে

         সোনারং সে আলো

             রাখে প্রাণ ভরিয়ে।

 

আহা কী যে স্মৃতিময়

  ভালোবাসা-প্রীতিময়

    কতো আশা-কৃতীময়

      রাত-জাগা সে আলো

         দূর করে যত আছে

             ভীতিময় যে কালো।

 

জোছনার রাত আজ

   করে বাজিমাৎ আজ

     আলোর প্রপাত আজ

       ঢেলে দিল পুরোটাই

          আয়-আয় জোছনায়

              জীবনের সুর ওঠাই।

 

ঝিকিমিকি চাঁদে ভাই

   বুড়ি নাকি কাঁদে ভাই

      সুতা কাটে সাধে ভাই

         সুরও তোলে গুনগুন

           সেই কথা শুনে রোজ

               হাসে আজও মুনমুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত