নীল আকাশের নিচে ঋষু

ঋষুর ধারণা সবাই ওর সঙ্গে কথা বলে, তাই ও-ও বলে। সে ধারণা মিথ্যে নয়।

সবাই মানে?

সবাই মানে জানো না? সবাই মানে সবাই। পথ চলতে চলতে কত কিছুর সঙ্গে যে দেখা হয়, কতজনের সঙ্গে চোখাচোখি হয়। মিষ্টি করে হাসে। চোখের ইশারায় কুশল বিনিময় করে। আরও কত কথা, সে বলে শেষ করা যাবে না।

সেদিন সকালে, খুব সকালে অন্যদের ঘুম ভাঙার আগেই ঘুম ভাঙে ঋষুর। সে কি আর এমনি! সেবার বিদেশ থেকে আসার সময় বড়মামা তার জন্য একটা ঘড়ি নিয়ে এসেছিল। জন্মদিনের উপহার। সেই ঘড়িতে ঠিক সাড়ে ৫টায় অ্যালার্ম দেওয়া থাকে। মামা বলেছে, ‘রোজ ভোরবেলা সূর্য ওঠার আগে বিছানা ছাড়বি। স্কুলের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবি। বড়দের কথা শুনবি। আর কথা বলার সময় একদম ইংরেজি বাংলা মিলিয়ে বলবি না। বাংলা বলার সময় বাংলা, ইংরেজির সময় ইংরেজি।’ সেই অ্যালার্মে রোজ ঘুম ভাঙে তার।

তারপর এক দিন ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে যায় ঋষু। হাঁটতে হাঁটতে তাদের পাড়ার বংশী নদীর এক চিলতে খাল, তার ওপর নড়বড়ে এক বাঁশের সাঁকো। সেই সাঁকোতে উঠলেই মনে হয় গোবি ঢাকির সামনের দুটো ঢুলঢুলে দাঁতের মতো কথা বলতে শুরু করলেই মাড়ি থেকে ভেঙে পড়ে যাবে। সেই কবে থেকে দেখছে। কিন্তু ভাঙে না। সেই সাঁকোর মাঝখানে দাঁড়িয়ে ঋষু সূর্য ওঠা দেখে। সূর্য ওঠার আগে সে আকাশটা রাঙিয়ে দেয় বাসন্তী রঙে। কি যে ভালো লাগে তার! এই মনোরম দৃশ্য দেখতেই হেঁটে আসে সে এত দূরে। সূর্য উঠতে উঠতে সেই আলোর ঝিকমিকি ছড়িয়ে পড়ে খালের জলে। দলবাঁধা বাঁশ-বোনে পাখিদের বাসা। ডানা মেলে তারা উড়ে যায় দূরে কোথাও ঠিক ঋষুর মাথার ওপর দিয়ে। যেতে যেতে কিচির মিচির করে তারা জানতে চায়, কী ঋষু বাবু, কেমন আছ? ঋষু হাত নাড়িয়ে জানিয়ে দেয় ভালো আছি!

সেই ভোরবেলাতেই মাছ মারতে বের হয় ধলু মাঝি তার কোষা নৌকাটা নিয়ে। ঝলমলে রোদ মেখে সেও এগিয়ে যায় সামনের দিকে যেখানে কাশফুলেদের মেলা বসেছে। কাগজে-কলমে শরৎ শেষ হলেও এখনো কাশফুলের দেখা মেলে।

সাঁকো থেকে নেমে ধলু মাঝির সঙ্গে দুটো কথা বলে একমুঠো কাশফুল তুলে বাড়িমুখো হয় ঋষু। স্কুল যেতে হবে তো আবার। সে সকাল দশটায়। সেখানেও কত বন্ধু। কত কথা। কত আনন্দ।

রাস্তা পেরিয়ে ধানক্ষেত। ধানক্ষেতের পরেই রেললাইন। রেললাইনে কু-ঝিক্ঝিক্ রেলগাড়ি যায়। কোথায় যায় কে জানে? সেটা দেখতে তার খুব ভালো লাগে। রেলগাড়িকে ইংরেজিতে ট্রেন বলে।

ঋষুর ট্রেনে চড়ে দূরে চলে যেতে খুব ইচ্ছে করে।

মা বলেছে বড় হয়ে আরও বেশি লেখাপড়া করতে শহরে যেতে হবে। তখন ট্রেনে উঠে শহরে যাবে।

সাঁকোটার একধারে খেয়া ঘাট। তারই ঢালের কোল ঘেঁষে বিশাল এক বটগাছ। কে জানে তার বয়স কত! সেই পথে কত মানুষ নৌকায় উঠছে, নামছে। আজ বোধহয় হাটবার। তাই এত মানুষ। সবার হাতে হাতে কত যে হাটবাজার, তরিতরকারি, মাছের ঝাঁকি। কারও কারও হাতে আবার খেলনাও আছে।

ঋষুর আজ কারও প্রতি, কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে যেমনটি ঘুরে বেড়াচ্ছিল তেমনি ঘুরে বেড়াতে লাগল। এখানে, ওখানে, সেখানে। ধান ওঠা মাঠটার মাঝখানে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ কতক্ষণ, তা সে জানে না। এখানে বোধহয় সে আগে কখনো আসেনি। নাই বা এলো। তাই বলে, কই, অপরিচিত তো লাগছে না। এত বড় মাঠটার শেষ প্রান্তে আকাশটা গিয়ে মিশেছে। আকাশের গায়ে গায়ে বাহারি সব মেঘ ভেসে বেড়াচ্ছে। কোনোটা বাঘের মতো, কোনোটা ভল্লুক, কোনোটা বা বিশাল পাহাড়। পাহাড়ের ওপর দাঁড়িয়ে ঠিক তারই মতো এক কিশোর ঢোল বাজাচ্ছে। ছেলেটা তাকে ডাকছে।

এই রকম জায়গার কথাই তো সে মনে মনে ভেবে রেখেছিল। সেই জন্যই তো তার এত চেনা চেনা লাগছে জায়গাটা। ওদের সঙ্গেই ঋষু খানিকক্ষণ কথা বলে নেয়।

ঋষুর মনে পড়ে কাল রাতের কথা। কি চমৎকার জোৎস্নায় ভাসছিল তাদের ছাদটা। ফুলে ভরা মধুমঞ্জুরির শক্ত মোচড়ানো লতার ঝোপটা যেদিকে এসে পড়েছে সেই দিকটাতেই মাদুর বিছিয়েছে ছোটদি। সেইখানটাতেই সব ভাইবোন মিলে গল্প। সে সব গল্প তার কানে যাচ্ছিল না। সে গল্প করছিল মধুমঞ্জুরি ফুলের সঙ্গে। এই ফুলের একটা ভারি মজার ব্যাপার আছে। সময়ের সঙ্গে সঙ্গে রঙ বদলায়। ছোটদি বলেছিল, ফোটার সময় ফুল সাদা থাকে, পরে হালকা গোলাপি। সবশেষে গাঢ় লাল।

সারা বছর থোকায় থোকায় ফুটে থাকো। তোমরা বাড়ি যাও না কখনো?

এটাই তো আমাদের বাড়ি। তোমার জন্মের কত আগে থেকে আমি বসবাস করছি এ বাড়িতে।

ও, তাই বুঝি। জানি আছো অনেক দিন ধরে। কিন্তু আমার জন্মেরও আগে?

তোমার ফুলে কি মিষ্টি সুগন্ধ! আচ্ছা তোমার ঝোপে বাসা বাঁধা ফুলঝুরি, টুনটুনি, শালিক, বুলবুলি ওরা কোথায়?

ওরা তো সারাদিন কত জায়গায় ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। বড় ক্লান্ত হয়ে ঘরে ফেরে। চুপচাপ ঘুমোতে যাবে এখন। তা ছাড়া ওদের ভেতরে অনেকেই আবার রাতে চোখে ভালো দেখে না। তাই রাতে ওদের বেশি সাড়া-শব্দ পাওয়া যায় না।

এ কথা শুনে লজ্জাই পেল ঋষু। জোৎস্নার আলোয় তার কেমন যেন মনে হচ্ছিল গাছটাতে কোনো পাতা নেই, শুধু সবুজ এক ছোপ রঙা ঝোপ। তারই আড়াল থেকে কে যেন তার নাম ধরে ডেকে উঠল। ডেকেই চুপ। এই ঝোপে অনেক পাখি থাকে। সেসব পাখিদের কণ্ঠ চেনে। এই ডাক নিশ্চয়ই মৌটুসির। সে হয়তো শুভরাত্রি জানাতে এসেছে তাকে।

শুভরাত্রি, মৌটুসি!

ঋষুও তাকে শুভরাত্রি জানালো।