গোপালগঞ্জে আইজিপি

থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে

সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তারা জেলা শহরের সার্কিট হাউজে অনেকটা সময় ধরে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে সভা করেন। সভায় গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন।

তারা বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরে পৌঁছান। ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে যান তারা। সেখানে কল্যাণ সভায় যোগ দেন। এই সভা নিয়ে সার্কিট হাউজের সামনে কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়। সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান করেন।

সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তা-ব চালায় বলে অভিযোগ রয়েছে। তারা দুটি থানা, সংসদ সদস্য ও বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

এদিকে, বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার গেটে আগুন লাগানো হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির একটি দলীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জামালপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। রাজধানীর ডেমরায় পেট্রোলভর্তি পলিথিনের গোলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জনগণের প্রতি পুলিশকে সহযোগিতার আহ্বান আইজিপির : পুলিশের মহাপরিদর্শক আলি হোসেন ফকির গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামীতেও এ পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তবে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।

থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।

তিনি আরও বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু : গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গোপালগঞ্জের বিভিন্ন সড়কে আটকেপাড় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই চলাচল শুরু করে।

ইমাদ পরিবহনের ম্যানেজার মো. বাসু শেখ জানান, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।

বিভিন্ন স্থানে নাশকতা অব্যাহত : দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার গেটে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির একটি দলীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জামালপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। রাজধানীর ডেমরায় পেট্রোলভর্তি পলিথিনের গোলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের দাড়িয়াপাড়ার বাসার সামনের গেটে শুক্রবার ভোরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে এলে ওই বাসায় অবস্থান করেন।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তু ব্যবহার করে তাতে আগুন লাগিয়ে গেটের সামনে রাখে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাসার সামনে পেট্রোলবোমা ছোড়া হয়েছিল। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতি হয়নি।

আগুনের খবর পেয়ে বর্তমানে সিলেটে অবস্থানরত বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাসা পরিদর্শনে যান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

মতলব (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গতকাল বিকেল পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,  বিকেল পৌনে ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি নাপিতের পোল এলাকায় পৌঁছলে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি জানান, গতকাল জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার নেতাকর্মীরা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার আগমনী বার্তা দেওয়ারও চেষ্টা করে মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিল চলাকালে পেছন থেকে রঙিন ধোঁয়া ও বোমাসদৃশ শব্দ শোনা যায়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটের কাছে গতকাল বিকেল ৩টার দিকে ভাঙারি দোকানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেনÑ শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন (৩৫) ও জগতি পালপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে ভাঙারি ক্রেতা রুহুল আমিন (৪২)। আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে পেট্রোল ও পেট্রোলভর্তি পলিথিনের গোলা, গ্যাস লাইটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)।

গতকাল শুক্রবার ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন একথা জানান।