জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের জন্মদিনের আনন্দঘন কিছুটা সময় কাটিয়েছেন শিশুদের সঙ্গে। জন্মদিন উপলক্ষে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও রাজধানীসহ সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ করেছেন ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া রাজধানীর ফার্মগেটে আনোয়ারা পার্কে ৬২টি বৃক্ষ রোপণ করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
শিশু-কিশোরদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী : গতকাল দুপুরে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে বের হলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেন। তিনি শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব কথা জানিয়ে বলেন, এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান। শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে আনোয়ারা পার্কে ৬২টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা। উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান রাজ ও সদস্য সচিব শরিফুল ইসলাম মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা এ চারা রোপণ করেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়ার আয়োজন করে যুবদল।
প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ : ঢাবি প্রতিনিধি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৬২টি ফুল, ফল ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
এ ছাড়া গতকাল বাদ আসর রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। দোয়া ও মিলাদ মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত : বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এ ছাড়া গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিএনপির আয়োজনে এবং ড্যাব বগুড়া শাখার সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি এদেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। শহীদ জিয়া ও মরহুমা বেগম জিয়ার মতোই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এ ছাড়া জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, বাদ আসর তারেক রহমানসহ জিয়া পরিবারের সবার সুস্থতা কামনা করে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।