পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সিপিডির প্রস্তাবে আপত্তি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সিপিডির প্রস্তাবে ব্যবহৃত তথ্য ও হিসাবপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটি বলেছে, এতে শ্রমিকদের প্রকৃত ব্যয় এবং শিল্পের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে চিঠি পাঠিয়েছে বিজিএমইএ। চিঠিতে সংগঠনটির পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের পাল্টা পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে।

গতকাল শুক্রবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মধ্যক (মিডিয়ান) ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। একই সঙ্গে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনায় নেওয়াও যৌক্তিক নয়। কারণ, বিজিএমইএর হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।

এর আগে গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের মূল্যায়ন ও প্রস্তাব তুলে ধরে সিপিডি। সেখানে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়।

চিঠিতে সিপিডির মজুরি হিসাবের পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির ভাষ্য, সিপিডি এনকার পদ্ধতিতে খাদ্য ব্যয়ের ০.৮৬৬৭ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণ করেছে। এর সঙ্গে আলাদাভাবে আবাসন ব্যয় হিসেবে ১০ হাজার টাকা যোগ করা হয়েছে।

বিজিএমইএর দাবি, খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন খরচ অন্তর্ভক্ত রয়েছে। ফলে আলাদাভাবে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুবার হিসাব করার আশঙ্কা তৈরি হয়। এ কারণে সিপিডির হিসাবপদ্ধতি আরও স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।