স্বর্ণের দাম আরও কমল

আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। নতুন এই দাম কার্যকর হওয়ার মধ্য দিয়ে টানা আট দফায় স্বর্ণের দাম কমল।

গতকাল শুক্রবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এতে টানা ৮ দফায় ভরিপ্রতি সোনার দাম কমল ২৮ হাজার ৫১৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দিন ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

যে কারণে দাম কমেছে : মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। গতকাল শুক্রবারও দরপতনের এই ধারা অব্যাহত থাকায় মূল্যবান এই ধাতুটি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে পড়েছে।

এদিকে ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনাও ডলারের চাহিদা বাড়িয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। স্বর্ণের বাজারে যার প্রভাব রয়েছে। ফলে বিশ^জুড়েই স্বর্ণের দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। অথচ চলতি মাসের ৪ নভেম্বরও বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ১০২ ডলার।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। যার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে।

বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, বাজারজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে শিগগিরই সুদের হার বাড়তে পাওে এমন প্রত্যাশা এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বন্ডের মুনাফার হার ও ডলারের দাম বাড়ছে। মূলত এ কারণেই সোনার বাজারের ওপর চাপ তৈরি হয়েছে।

কমেছে রুপার দামও : স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৫০ টাকা বা ভরিতে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা বা ভরিতে ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা বা ভরিতে ১ হাজার ৯২৫ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির ১৮০ টাকা।