৫ দিন পর এজেন্ট ব্যাংক পরিচালকের লাশ উদ্ধার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সোশ্যাল ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফতের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় স্থানীয় কিশোর গ্যাং নেতা আবরাদ হাসান সজিব তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার

দেলোয়ার হোসেনের ছেলে। রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে সজিব ওই এজেন্ট ব্যাংকে গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে

অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার মুঠোফোনটি ভেঙে ফেলেন। ঘটনার পর থেকেই রিফাতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

গতকাল সকালে পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সজিব এ এলাকায় কিশোর গ্যাংয়ের মূল হোতা। সে যাকে-তাকে মারধর করত। আগে নানা অপকর্ম করলেও এবার একজন নিরীহ মানুষকে খুন করল। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সজিব আমার ছেলেকে হত্যা করেছে। আমি এর ফাঁসি চাই। আমার ছেলে অনেক কষ্ট করে ব্যাংকটি চালাচ্ছিল। চাঁদা না পেয়ে সেদিন মারধরের পর ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ চোখের সামনে ছেলের লাশ দেখছি, কীভাবে মানব?

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে সজিব নামের একজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে তিনি থানার ওসির সঙ্গে কথা বলেছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।