বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে দুটি ইটভাটার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক্সকাভেটর (ভেকু) দিয়ে বাঁধের ঢাল থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে। এতে বাঁধের সুরক্ষা দুর্বল হওয়ার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাস্তা ও নদীর পাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া সুন্দরবনের নিকটবর্তী এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনার ফলে পরিবেশদূষণেরও আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, নাকশা গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের পাশে দুটি ইটভাটা গড়ে উঠেছে। এর একটি ইকরামুল হকের মালিকানাধীন ‘সানা ব্রিকস’ (যা এসবিআই নামেও পরিচিত) এবং অন্যটি মো. সোহরাব আলীর মালিকানাধীন ‘এসএস ব্রিকস’। ইটভাটার পাশেই ভেকু বসিয়ে বেড়িবাঁধের ঢাল থেকে অবাধে মাটি কেটে ভাটায় নেওয়া হচ্ছে। এভাবে মাটি কাটার ফলে বাঁধের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানান, নির্বিচারে মাটি কাটা অব্যাহত থাকলে বেড়িবাঁধের মূল কাঠামো দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগের সময় বাঁধের এই ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে এলাকায় লোনাপানি প্রবেশের তীব্র ঝুঁকি তৈরি হতে পারে। তাদের মতে, বাঁধের ঢাল কাটার ফলে শুধু বেড়িবাঁধই নয়, পাশের পাউবোর সড়ক ও নদীর পাড়ও চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ধরেন, ইটভাটা আপনি করছেন, না হয় আপনার ভাই করছেন। এহন আমরা যদি ইডা বন্ধ কইরে দিই, তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হবেন। সরকার যদি একেবারে বন্ধ কইরে দেয়, তাইলে আলাদা কথা। তবে ভেড়িবাঁধ থেইকে মাটি কাটা অবশ্যই অন্যায় হইছে। এইডা করা ঠিক অয়নি। আমি ঢাকায় ছিলাম। বাড়িতে আইছি। বিষয়ডা নিজে গিয়া দেইখে আসব।’

খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, কয়রা উপজেলায় কোনো বৈধ ইটভাটা নেই। সুন্দরবনের কাছাকাছি এলাকায় ইটভাটাগুলো চালু রয়েছে, এমন তথ্য তার জানা ছিল না। তিনি বলেন, ‘বিষয়টি আমরা জানতাম না। এখন জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, মৌসুমের শুরুতেই অবৈধ ইটভাটার মালিকদের ডেকে সেখানে নতুন করে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছিলেন তিনি। এসব ইটভাটার বৈধতা না থাকায় বিনিয়োগ না করতে বলা হয়েছিল। বিষয়টি এখন তার নজরে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে সেখানে অভিযান চালানো হবে। খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়ে প্রয়োজনে আমাকে বদলি হতে হলেও পিছপা হব না। তবু কোনোভাবেই এসব অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, প্রতি বছর এসব অবৈধ ইটভাটা চালু হওয়ার পেছনে তার দপ্তরের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিকে ইটভাটার ধোঁয়া ও ধুলায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের ভাষ্য, ইট পোড়ানোর সময় ভাটা থেকে নির্গত ধোঁয়ায় এলাকায় শ্বাসকষ্ট, কাশি ও হাঁপানিসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সুন্দরবনের কাছাকাছি এসব ইটভাটা চালু থাকায় বন ও জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

সানা ব্রিকসের ব্যবস্থাপক টোটন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন কয়রার বাইরে, শহরে আছি। বিষয়টি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। তিনি দাবি করেন, তারা নদীর মাটি ব্যবহার করেন না’।

এসএস ইটভাটার মালিক মো. সোহরাব আলী বলেন, ‘আমরা নদী থেকে মাটি তুলি। বিশেষ করে নদীর পলি মাটি সংগ্রহ করে ইট তৈরি করি। এ ছাড়া এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও মাটি কিনে ইট প্রস্তুত করা হয়। নদীর বাঁধের পাশ থেকে মাটি সংগ্রহ করলেও এতে বাঁধের কোনো ক্ষতি হয় না।’ বলে দাবি করেন তিনি।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী বলেন, ‘পরিবেশ অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের পাশের মাটি কেটে নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’