ত্বকী মঞ্চের অনুষ্ঠানে সুলতানা কামাল

রাজনীতি ও সমাজের মননে ধসে ঐক্যে বিভাজন বাড়ছে 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘আমরা যেন বাংলাদেশের প্রকৃত স্বরূপ ভুলে গেছি। রাজনীতি, সংস্কৃতি ও সমাজের মননে বড় ধসে মুক্তিযুদ্ধের ঐক্যে বিভাজন নেমেছে।’ নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকীর ৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের ‘কবি সুফিয়া কামাল মিলনায়তন’-এ এই অনুষ্ঠানের আয়োজন করে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের মৌলিক অধিকার, মানবাধিকার ও মানবিকতাবোধের কথা বারবার উঠে এলেও আমরা যেন বাংলাদেশের প্রকৃত স্বরূপ ভুলে গেছি। ত্বকী ছিল বৈষম্যহীন, মানবিক বাংলাদেশের প্রতীক। কিন্তু ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের চরিত্র নিয়ে প্রশ্ন তৈরি করে।’ 

তিনি বলেন, ‘রাজনীতি, সংস্কৃতি, সমাজচিন্তা ও সমাজের মননে বড় ধরনের ধস নেমেছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য, অথচ আজ সমাজে বিভাজন ও বিচ্ছিন্নতা বাড়ছে। তবে ত্বকী মঞ্চের মতো উদ্যোগ অন্যায়কে স্মরণ রাখা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ মানুষের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজ গড়ে তোলার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সুলতানা কামাল।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘নাটক, গান ও কবিতার ওপর আক্রমণ হচ্ছে। শিক্ষক, সাংবাদিক, লেখক ও শিল্পীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। স্বাধীনতার ৫৫ বছর পরও একজন নাগরিক শান্তিতে সংস্কৃতিচর্চা, বিজ্ঞান গবেষণা কিংবা লেখাপড়া করতে পারছেন না। ক্ষমতার অনুগ্রহ বা অংশীদার না হলে মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘শৈশব থেকে শুরু করে সব প্রাতিষ্ঠানিক পর্যায়ে অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়তা বাড়াতে হবে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ত্বকী হত্যার বিচারের আশা তৈরি হলেও ক্ষমতার পরিবর্তনের পরও বাস্তব অগ্রগতি হয়নি। অপরাধীদের সঙ্গে ক্ষমতার কাঠামোর যোগসূত্র থাকায় বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।’

ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক  জাহিদুল হক দীপু প্রমুখ।