নেই নজরদারি, নেই তল্লাশি চৌকি। ঘাটে নেই কোনো আর্চওয়ে, লাগেজ স্ক্যানার, মেটাল ডিটেক্টর কিংবা ডগ স্কোয়াড। এমনকি নেই বায়োমেট্রিক টিকিট, সিসিটিভি ক্যামেরা কিংবা জাহাজের কর্মচারীদের নিয়োগে পুলিশ ভেরিফিকেশন। জাহাজের কর্মচারীদের স্টাফ কেবিন, লকার, লাইফ জ্যাকেট বক্স কিংবা ইঞ্জিন রুমেও চলে না কোনো তল্লাশি। এর ওপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতা। কক্সবাজারের নুনিয়ারছড়া ও সেন্টমার্টিন জেটিঘাটের এমন অরক্ষিত ব্যবস্থার সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা। তারা পর্যটকবাহী প্রমোদতরীকেই মাদকের নিরাপদ বাহন বানিয়েছে। এভাবেই তারা বছরের পর বছর ইয়াবা, আইসসহ নানা মাদক পাচার করছে।
দেশে ইয়াবা, আইসসহ নানা মাদকের চালান আসে মিয়ানমার থেকে। মিয়ানমার থেকে সেন্টমার্টিন দ্বীপের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। এই কারণে পাচারকারীরা সেন্টমার্টিন ও এর আশপাশের সাগরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। অন্যদিকে, সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের একমাত্র পথ কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নুনিয়ারছড়ার তিন রাস্তার মাথায় বিআইডব্লিউটিএর জেটিঘাট। এই ঘাট দিয়ে নিয়মিত চলাচল করে মহেশখালীগামী সি-ট্রাক। আর পর্যটন মৌসুমে যুক্ত হয় সেন্টমার্টিনগামী জাহাজগুলো। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোরে কিংবা সকালে সেন্টমার্টিনগামী জাহাজগুলো একের পর এক এখান থেকে ছেড়ে যায়। এ সময় প্রশাসনের তদারকি দেখা গেলেও রাতে যখন জাহাজগুলো ঘাটে ফেরে, তখন তাদের দেখা যায় না। এই সুযোগে রাতে পর্যটকের বেশ ধরে পাচারকারীরা লোকালয়ে মিশে যায়।
ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর আহ্বায়ক মিজানুর রহমান মিল্কী বলেন, নুনিয়ারছড়া জেটিঘাটে সেন্টমার্টিন থেকে আসা পর্যটকসহ সবাইকেই তল্লাশির আওতায় আনা দরকার। সে জন্য এখানে আর্চওয়ে বা লাগেজ স্ক্যানার স্থাপন করা উচিত। জানা যায়, ২০২৩ সালের ২৪ জানুয়ারি গোয়েন্দা তথ্যে সেন্টমার্টিন ঘাটে জাহাজে ওঠার সময় ১০ হাজার ইয়াবাসহ পর্যটকবেশী দুই পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড। শুধু যাত্রীদের কাছ থেকেই নয়, ইয়াবাসহ জাহাজের কর্মচারী আটকের ঘটনাও রয়েছে দুটি। ২০২১ সালের ১৪ ডিসেম্বর জাহারে লস্কর মো. রফিক ও খালাসি আবদুর রহমানকে ৪ হাজার ইয়াবাসহ আটক করে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জিজ্ঞাসাবাদে তারা জানায়, সেন্টমার্টিন থেকে ফেরার পথে গভীর সমুদ্রে চলন্ত জাহাজের গায়ে ছোট ফিশিং ট্রলার ভিড়িয়ে মিয়ানমারের সিন্ডিকেটের কাছ থেকে ইয়াবা জাহাজে তোলা হতো।
অনুসন্ধানে দেখা গেছে, ওই অভিযানগুলো চালানো হয়েছিল সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে। তবে নিয়মিত তল্লাশি না থাকায় এই পথে ইয়াবা উদ্ধারের ঘটনা কম। মূলত নজরদারির অভাবকে কাজে লাগিয়েই পাচারকারীরা নির্বিঘ্নে রুটটি ব্যবহার করে যাচ্ছে।
চলতি বছরে এই নৌপথকে নিরাপদ রাখতে এবং জাহাজগুলোকে মাদক পাচারের বাহন হিসেবে চিহ্নিত করে কঠোর অবস্থান নিয়েছে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্স। গত ২৮ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত হয়, নুনিয়ারছড়া ঘাটে কোস্ট গার্ড, পুলিশ ও ডিএনসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অবিলম্বে যৌথ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হবে। শীত মৌসুমে ফিশিং ট্রলারে মিয়ানমার থেকে মাদকের চালান ঠেকাতে নৌবাহিনী ও কোস্ট গার্ড মহেশখালী-কুতুবদিয়া চ্যানেলসহ পুরো সমুদ্র উপকূলে নিয়মিত যৌথ টহল ও অভিযানেরও সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন ম-ল বলেন, ‘শীত মৌসুমের সুযোগ নেয় মাদক কারবারিরা। সে জন্য এবার সেন্টমার্টিন থেকে ফিরতি জাহাজের পর্যটকসহ নাবিকদেরও তল্লাশির সিদ্ধান্ত হয়েছে। আধুনিক তল্লাশিব্যবস্থা অনেক ব্যয়বহুল। তবে বিকল্পব্যবস্থা হিসেবে আমরা বিজিবির কাছে ডগ স্কোয়াড চেয়ে রিকুইজিশন পাঠিয়েছি।’
মাঠপর্যায়ে তল্লাশির মূল দায়িত্ব কার তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়হীনতা দেখা গেছে। কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, ‘ওই নৌপথের জাহাজগুলো মূলত পর্যটকবাহী। এই কারণে তল্লাশি চালানো মূল দায়িত্ব ট্যুরিস্ট পুলিশের।’ কিন্তু ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা বলেন, ‘আপাতত আমরা পর্যটকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’