ঢাকার আকাশ মেঘলা, তবুও বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে টানা কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজও আকাশ মেঘলা। আর এরই মধ্যেও কাটেনি রাজধানীর বায়ুদূষণের রেশ। দূষণে আজও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। 

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর সিটি। অন্যদিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক ছিল ১৪৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে এই মেগাসিটি। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার স্কোর ২২৯। ১৯৪ স্কোর নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৮৯ স্কোর নিয়ে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী শহর কিনশাসা। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।