খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে থানা-পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় এলাকার ইকো পেট্রল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

নিহত মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করতেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত