‘দলে থেকে পানি টানতে চাইনি’  

সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশপাশি টুর্নামেন্টসেরা হয়েছেন রংপুর বিভাগের মীম মোসাদ্দেক। ১৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটির সাহায্যে ৫৭.৪৩ গড়ে ৮০৪ রান করার পাশপাশি ১৪টি ডিসমিসালের মালিক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

তবে এমন সফলতার পরও ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা মধ্যে পড়েছেন তিনি। বিসিবির আয়োজিত ফ্র্যাঞ্চিইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রিতে দল পাননি। অভিমান করে দীর্ঘদিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) খেলেন না। তবে স্বপ্ন দেখা ছাড়েননি। নিজের ক্যারিয়ার, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ রুপান্তর-এর সঙ্গে খেলোমেলা আলাপ করেন মোসাদ্দেক। 

শুরুতে আপনার সফলতার গল্প শুনতে চাই। অনেকটা আলোচনার বাইরে থেকেই এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক  ও টুর্নামেন্টসেরা হওয়ার রহস্য কী?

মীম মোসাদ্দেক: অবশ্যই ভালো লাগছে। একটি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হওয়া টুর্নামেন্টসেরা অনেক আনন্দের বিষয়। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তবে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। কারণ, চোটে পড়েছিলাম। এজন্য খেলা শুরুর আগে ঠিকভাবে প্রস্তুতিও নিতে পারিনি। ফুটবল খেলতে গিয়ে হাতে চিড় ধরেছিল। তখন খেলতে পারব কি না, সেটিও নিশ্চিত ছিলাম না। পরে মোটামুটি সুস্থ হয়ে স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে খেলতে নামি। পরিকল্পনা ছিল, যেহেতু এবার কোকাবোরা বলে খেলা, একবার থিতু হতে পারলে বড় ইনিংস খেলার চেষ্টা করব। এসব মোটামুটি কাজে দিয়েছে।

২০১৭ সালে অভিষেক। এই দশ বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ২৮টি ম্যাচ খেলেছেন। যেখানে প্রথম ৬ বছরে মাত্র ৩টি। এমন অনিয়মিত কেন? 

মোসাদ্দেক: আমি মূলত উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তখন ধীমান ঘোষ ছিলেন, লিটন দাস খেলতেন। তাদের উপস্থিতির কারণে সেভাবে সুযোগ পাইনি। মূলত ২০২২ সালের পর থেকে কিছুটা সুযোগ পাওয়া শুরু করি। এরপরও নিয়মিত ছিলাম না। কোনো মৌসুমে ২টি, কোনো মৌসুমে ৪টি ম্যাচ খেলেছি। আবার বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে হয়েছে। কখনো ইনিংস শুরু করেছি, কখনো সাত বা আট নম্বরে খেলেছি। ফলে শুরুতে সুযোগটা অনেক কম পেয়েছি। কোনো পজিশনে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় থাকলে নতুনদের সুযোগ পাওয়া কঠিন হয়ে যায়। তবে এবার পরিস্থিতি কিছুটা অনুকূলে ছিল। কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলেননি, কেউ কেউ অবসর নিয়েছেন। ফলে নিয়মিত একটি পজিশনে ব্যাটিং করার সুযোগ পেয়েছি।

রংপুরের নিয়মিত অধিনায়ক আকবর আলীও উইকেটরক্ষক। তিনি এবার লিগে পুরোটা সময় ছিলেন না। আপনিই উইকেটরক্ষক হিসেবে খেলেন আবার ব্যাট হাতে ওপেনিংও করেন। কোনো জেদ থেকে কি? 

মোসাদ্দেক: সেটা বলতে পারেন। তখন দলে বিকল্প উইকেটরক্ষক ছিল না। আমি নিজেও এই দায়িত্বটা উপভোগ করি। চার দিনের ম্যাচে দীর্ঘ সময় কিপিং করার পর আবার ব্যাটিংয়ে ওপেন করা কিছুটা সমস্যা হয়। তারপরও সামলে নিয়েছি। মূলত ওপেনিং জায়গাটা কোনোভাবে ছাড়তে চাইনি। এই পজিশনে আমি পছন্দ করি। কষ্ট হলেও দুই দায়িত্বই সামলে নিয়েছি।

২০২২ সালে আপনার লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হয়। সে মৌসুমে ২ ম্যাচের পর আর কখনোই এই টুর্নামেন্টে খেলননি। শুনেছি পছন্দের জায়গায় ব্যাট করতে পারছিলেন না জন্য অভিমান করে আর ডিপিএলই খেলেন না?

মোসাদ্দেক: ঠিকই শুনেছেন। অভিমান থেকেই প্রিমিয়ার লিগ খেলি না। সে বছর আমাকে নিজের পছন্দের পজিশনে খেলানো হয়নি। সাত বা আট নম্বরে ব্যাটিং করতে দেওয়া হয়। তবু আমি অভিষেক ম্যাচে ৩১ রান করি। কিন্তু এরপরও আমাকে একাদশের বাইরে রাখা হয়। মূল সমস্যা ছিল, আমাকে আমার পছন্দের পজিশনে সুযোগ দেওয়া হতো না। তখন মনে হয়েছে, বসে থেকে পানি টানার চেয়ে নিচের বিভাগে খেলাই ভালো। অন্তত সেখানে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাব। আমার কাছে বেঞ্চে বসে থাকার চেয়ে নিয়মিত ম্যাচ খেলাই বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই প্রিমিয়ার লিগে সেভাবে খেলার চেষ্টা করিনি।

এবার কি সিদ্ধান্ত পরিবর্তন করবেন?

মোসাদ্দেক: তেমন কোনো ভাবনা আমার ছিল না। এ বছরও প্রথম বিভাগে দলবদল করেছি। লিগও শুরু হচ্ছে। কিন্তু হাতের চোটে এক মাস খেলতে পারব না। যদি এই লিগে না খেলি, তখন প্রিমিয়ার লিগে ফিরতে পারি। কয়েকটি দল ইতোমধ্যে ফোন দিয়েছে।

নিজেকে চেনাতে ১০ বছর লেগে গেল। ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেলে কি পথচলা কিছুটা অন্যরকম হতে পারত?

মোসাদ্দেক: অবশ্যই, সেই সম্ভাবনা ছিল। ক্যারিয়ারের শুরু থেকেই যদি নিয়মিত সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও ভালো করতে পারতাম। কিন্তু সেভাবে সুযোগ আসেনি। এনিয়ে আমার অনেক আক্ষেপ আছে।

এনসিএলে এত দুর্দান্ত মৌসুম পার করেও ডমেস্টিক থ্রিতে টুর্নামেন্টে দল পেলেও। আক্ষেও কি আরো বেশি হচ্ছে এবার?

মোসাদ্দেক: হয়তো টি-টোয়েন্টি সংস্করণে টুর্নামেন্টটি শুরুতে হবে বলে এমনটা হয়েছে। এবার ডি-থ্রিতে দলের সংখ্যাও কম। আগে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণে আটটি বিভাগই অংশ নিত। তখন খেলোয়াড়দের সুযোগ পাওয়ার পরিসরও বেশি ছিল। ডি-থ্রিতেও যদি এমন আট দল থাকত, তাহলে আরও বেশি খেলোয়াড় খেলার সুযোগ পেতেন। আশা করছি, চার দিনের কিংবা এক দিনের সংস্করণে কোনো দল আমাকে সুযোগ দেবে। সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব। আর সুযোগ না পেলে তো কিছু করার নেই।