গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু, ১০ ম্যাচে মাত্র এক জয় আর লিগ টেবিলের ১৮তম স্থানে নেমে যাওয়া; সংকটের এমন গভীর খাদে দাঁড়িয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। ১৩ বছর ধরে প্রিমিয়ার লিগ শিরোপাবঞ্চিত একটি ক্লাবকে টেনে তোলার চাপ যে পাহাড়সম, তা কারও অজানা নয়। তবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে বিশ্বকাপ সামলানোর অভিজ্ঞতা এই আর্জেন্টাইন কোচকে এতটাই ঋদ্ধ করেছে যে, ওল্ড ট্র্যাফোর্ডের এই কঠিন চ্যালেঞ্জ নিতে নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছেন তিনি।
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ইউনাইটেডে পা রাখা পচেত্তিনো দলের সঙ্গে দুই দিন কাজ করার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে হাজির হন। যুক্তরাষ্ট্রের দলে বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়লেও ইউনাইটেডের সংবাদ সম্মেলনে তাঁকে দেখা গেল চেনা ছন্দে ও দারুণ আত্মবিশ্বাসী।
সেখানে বিশ্বকাপের বিশাল চাপ ও নিজের অভিজ্ঞতা তুলে ধরে পচেত্তিনো বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো জাতীয় দলে কাজ করার পর আমরা এখন অনেক ভালো কোচ হয়েছি, কারণ সেখানে প্রত্যাশা এবং চাপ ছিল বিশাল। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে আমাদের প্রথম বিশ্বকাপ ম্যাচের কথা মনে পড়ে, চাপটা ছিল অবিশ্বাস্য। সেখানে দুই শতাধিক তারকা ব্যক্তিত্ব আমাদের জয় ও ভালো খেলা দেখার প্রত্যাশা করছিলেন এবং পুরো দেশ আমাদের পেছনে ছিল। আপনি যখন প্রিমিয়ার লিগ, লা লিগা বা ফ্রান্সে এ ধরনের ক্লাব সামলান, তখন চাপ অনুভব করেন ঠিকই; কিন্তু আমি কথা দিচ্ছি, ওখানে থাকার চাপটা ছিল বিশাল।’
টটেনহ্যাম, পিএসজি এবং চেলসির সাবেক এই কোচ জাতীয় দলে সাফল্যের পাশাপাশি প্রতিদিনের ক্লাব ফুটবলের ছন্দটাও ভীষণ মিস করছিলেন। ক্লাব ফুটবলে ফেরার অনুভূতি জানিয়ে পচেত্তিনো বলেন, ‘বিষয়টি খুব মিস করছিলাম। আমার মনে হয় আমরা ঘাসের মানুষ। আমরা মাঠের ঘাস অনুভব করতে ভালোবাসি। আমাদের ঘাসের গন্ধ নেওয়া এবং প্রতিদিন খেলোয়াড়দের উন্নতিতে সাহায্য করা প্রয়োজন। এটা সত্যি যে জাতীয় দলে কাজটা ভিন্ন রকমের, কিন্তু একই সঙ্গে সেখান থেকে অনেক কিছু শেখা যায় এবং আমার মনে হয় আমরা এখন অনেক ভালো কোচ।’
দায়িত্ব নেওয়ার পরই আজ পচেত্তিনোর সামনে অগ্নিপরীক্ষা; চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে তাঁর দলকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
অ্যানফিল্ডের এই লড়াই ও ম্যানচেস্টার ইউনাইটেডকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ইউনাইটেডের এই নতুন কোচ যোগ করেন, ‘লিভারপুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় মাঠে নামার জন্য এটি সময়ের সঙ্গে এক দৌড়। আমরা শূন্য থেকে কিছু গড়ে তোলার চিন্তা নিয়ে এসেছি, আমাদের নিজস্ব ভাবনা, দর্শন এবং যেভাবে আমরা কাজ করতে ভালোবাসি সেভাবেই। আমাদের খুব খোলা মনের হতে হবে... কোথায় উন্নতি প্রয়োজন, খেলোয়াড়দের সেই ধারণাটি গ্রহণ করতে হবে…ম্যানচেস্টার ইউনাইটেডকে এখনকার অবস্থানের চেয়ে ভিন্ন জায়গায় থাকতে হবে।’