ফার্গুসনের ৪ দশক পর ইউনাইটেডে পচেত্তিনোর চ্যালেঞ্জ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দাঁড়ানোর রোমাঞ্চ যেমন বিশাল, বর্তমান বাস্তবতায় সেখানে দায়িত্ব নেওয়া ঠিক ততটাই কাঁটার মুকুট পরার শামিল। ৪০ বছর আগে ঠিক এমনই এক অবনমন অঞ্চলের অন্ধকার সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হাল ধরেছিলেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন; চার দশক পর ঠিক একই রকম ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন এক পুনরুজ্জীবনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মাউরিসিও পচেত্তিনো। 

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব শেষ করেই সাত ঘণ্টার বিরতিহীন আকাশপথ পাড়ি দিয়ে সরাসরি ক্যারিংটনের অনুশীলন মাঠে পা রেখেছেন এই ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ। বিশ্রামের কোনো সুযোগ নেই, বরং প্রিমিয়ার লিগের তলানিতে ধুঁকতে থাকা এক দলকে টেনে তোলার পাশাপাশি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্য ভাঙার ঘোষণা দিয়েই ইংল্যান্ডে নিজের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

গত মঙ্গলবার সিনসিনাটিতে হাইতিকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে নিজের অধ্যায়ের সমাপ্তি টানেন পচেত্তিনো। ম্যাচ শেষ হতেই একটি ব্যক্তিগত বিমানে চেপে বুধবার সকালে সরাসরি ম্যানচেস্টারে পৌঁছান তিনি। মাইকেল ক্যারিকের বিদায়ের পর আড়াই বছরের চুক্তিতে ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া পচেত্তিনোর সামনে প্রথম অগ্নিপরীক্ষা আগামী রবিবার, চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের দুর্গ অ্যানফিল্ডে। লিগের ১০ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে নেমে যাওয়া ইউনাইটেডের জন্য এটি ১৯৮৬-৮৭ মৌসুমের পর সবচেয়ে বাজে শুরু।

দায়িত্ব নেওয়ার পর থেকেই পচেত্তিনোর কণ্ঠে ঝরছে আত্মবিশ্বাস ও তাড়াহুড়োর সুর। ক্যারিংটনে পৌঁছে ক্লাবের নিজস্ব গণমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নিজের কর্মপরিকল্পনা ও মানসিকতা স্পষ্ট করেন তিনি। পচেত্তিনো বলেন, ‘আমার মধ্যে প্রচুর শক্তি রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হতে পারাটা দারুণ সম্মানের। আমাদের হাতে নষ্ট করার মতো একদমই সময় নেই। রোববার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এখন বিশ্রাম কিংবা ঘুমের কথা ভাবার সময় নয়। বরং অ্যানফিল্ডে সেরা অবস্থায় লড়াই করার জন্য সবকিছু ঠিকঠাক প্রস্তুত করাই মূল লক্ষ্য।’ 

বর্তমান অবস্থান যে ইউনাইটেডের মতো বিশাল ক্লাবের সঙ্গে একদমই বেমানান, তা ভালোভাবেই জানেন টটেনহ্যাম ও চেলসির সাবেক এই কোচ। ইউনাইটেডের বিশ্বজোড়া সমর্থকগোষ্ঠীর আবেগ ও প্রত্যাশার চাপ সামলাতে নিজের অভিজ্ঞতাকেই বড় অস্ত্র মানছেন তিনি। ক্লাব মিডিয়াকে পচেত্তিনো আরও বলেন, ‘আমরা জানি বর্তমান পরিস্থিতি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব এবং এর সমর্থকদের জন্য মোটেও কাঙ্ক্ষিত নয়। চ্যালেঞ্জটা অনেক বড় বলেই আমরা রোমাঞ্চিত, ঠিক এমন অ্যাড্রেনালিনই আপনি অনুভব করতে চান। আমাদের কাজটা ভিন্ন হতে যাচ্ছে, তবে তা সামলানোর মতো অভিজ্ঞতা আমাদের আছে। সবকিছুর মোকাবিলায় আমাদের সাধারণ জ্ঞান ও সঠিক দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে হবে। সমর্থকদের ভালোবাসা অবিশ্বাস্য; যুক্তরাষ্ট্রে চুক্তি করার পর রাস্তায় প্রতি ১০ জনে ৯ জনকেই আমি ইউনাইটেডের সমর্থক হিসেবে দেখেছি।’ 

এদিকে ইংল্যান্ডে পা রাখার আগেই ম্যানচেস্টারের ফুটবল রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন পচেত্তিনো। যুক্তরাষ্ট্রের বিদায়ী ম্যাচের পর সম্প্রচার মাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার ও বিশ্লেষক ডামার্কাস বিসলি মজা করে বলেছিলেন, ‘ম্যানচেস্টার নীল এবং সব সময় নীলই থাকবে’। জবাবে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পচেত্তিনো বলেছিলেন, ‘কোনোভাবেই না, আপনারা দেখতে পাবেন। আমাকে একটু সময় দিন... আমাকে সময় দিন, নিশ্চিতভাবেই এই চিত্র বদলাতে শুরু করবে।’

যুক্তরাষ্ট্রের ডাগআউটে ৩৭ ম্যাচে ৬২.১৬ শতাংশ জয়ের রেকর্ড, ২০২৫ গোল্ড কাপের ফাইনাল এবং ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে দলকে তোলার সাফল্য পেছনে ফেলে নতুন ঠিকানায় এসেছেন পচেত্তিনো। প্রিয় দল ছাড়ার আবেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, ফলাফলের চেয়েও খেলোয়াড়দের মধ্যে যেকোনো দলের সঙ্গে লড়াই করার বিশ্বাস তৈরি করতে পেরে তিনি গর্বিত, তবে ফুটবলে এমন কিছু সুযোগ আসে যা ফিরিয়ে দেওয়া অসম্ভব।

পচেত্তিনোর আগমনের আগেই ক্যারিংটনে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী জেসুস পেরেজ, গোলরক্ষক কোচ টনি হিমেনেজ এবং ফিটনেস কোচ ও ছেলে সেবাস্তিয়ানো পচেত্তিনো। এ ছাড়া পুরোনো সহকর্মী সিলভিয়া তুয়া, অ্যানালিস্ট অ্যালেক স্কট ও মিকি ডি’অ্যাগোস্তিনোকেও পাশে পাচ্ছেন তিনি। আন্তর্জাতিক বিরতি শেষে বৃহস্পতিবার জাতীয় দলের খেলোয়াড়রা ফিরলেই পূর্ণোদ্যমে শুরু হবে পচেত্তিনোর কৌশলগত পাঠ। ফার্গুসনকে শিরোপা এনে দিতে প্রায় সাত বছর সময় দেওয়া হয়েছিল, কিন্তু আধুনিক ফুটবলের নির্মম বাস্তবতায় পচেত্তিনো যে অতটা সময় পাবেন না তা নিশ্চিত। 

সর্বশেষ সর্বাধিক পঠিত