আকভানের প্রভাবে দুমকিসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কখনও কখনও ভারী হচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেও দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। গত তিন-চার দিন ধরে মেঘলা আকাশ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন নিচু এলাকা, সড়ক ও বসতবাড়ির আঙিনায় পানি জমেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা।

বৃষ্টির কারণে উপজেলার হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে। অনেক দোকানপাটে বেচাকেনা কমেছে। যানবাহন চলাচলও তুলনামূলক কম দেখা গেছে। বিশেষ করে কাঁচা ও ভাঙাচোরা সড়কে কাদা-পানি জমে চলাচলে দুর্ভোগ বেড়েছে।

এদিকে টানা বৃষ্টিতে আমন ধান ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক এলাকায় পাকা ধান কাটার প্রস্তুতি চলছিল। বৃষ্টি অব্যাহত থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের কৃষক নজরুল ইসলাম, শ্রীরামপুর গ্রামের আলমগীর হাওলাদার, আমির হোসেন মৃধা সহ স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু এলাকায় পানি জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভানের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবহাওয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।