বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তুলে ধরেছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। একই সঙ্গে সংগঠনের অর্জনকে আড়াল করতে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় দেওয়া বক্তব্যে মাইকেল মহিউদ্দিন দাবি করেন, তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংগঠনকে শক্তিশালী করা এবং সদস্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট দাবি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
বর্তমান কার্যনির্বাহী পরিষদের সময়ে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের নিয়োগবিধি প্রণয়ন ও কার্যকর করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করার প্রচেষ্টা।
এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরের জন্য ভবনের ব্যবস্থা, নিবন্ধন আইন-১৯০৮ সংশোধনে ভূমিকা, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২ সংশোধন, ৬৬টি সরকারি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব এবং নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাবসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর ধানমণ্ডি, তেজগাঁও, আফতাবনগর, গুলশান ও নিকুঞ্জসহ বিভিন্ন এলাকায় তার নামে ২৯টি ফ্ল্যাট ও একাধিক প্লট থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মাইকেল মহিউদ্দিন। সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগও তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে তিনি বলেন, তার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে সম্পদের বিষয়ে অনুসন্ধান করা যেতে পারে। যাচাই-বাছাই ছাড়া মনগড়া তথ্য প্রকাশ করে কারও সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত বিরোধের কারণে সংগঠনের কার্যক্রমকে বিতর্কিত করা উচিত নয়। অপপ্রচারের পরিবর্তে সংগঠনের অর্জনের যথাযথ মূল্যায়ন, গঠনমূলক সমালোচনা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।