রাজধানী ঢাকার মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর জেনে পোশাকশ্রমিক নূপুরকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রায়হান মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলশ।
অভিযুক্ত রায়হান মিয়া আগে নূপুরের সঙ্গে একই কারখানায় কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। নূপুর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আগামী ডিসেম্বরে তার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা জানিয়েছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে খাবারের বিরতিতে কারখানা থেকে বাসায় ফেরার পথে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ী ৫ নম্বর সড়কে রায়হান ধারালো অস্ত্র দিয়ে নূপুরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভোলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। রূপনগর আবাসিক এলাকায় বড় বোন লিজার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় লিজা আক্তার বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেছেন।
হামলায় নূপুরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে; তার মেরুদণ্ড ও বুকের হাড় ভেঙে গেছে এবং দাঁতও পড়ে গেছে। বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসায় প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হচ্ছে, যা বহন করতে হিমশিম খাচ্ছে তার দরিদ্র পরিবার।
নূপুরের মামাতো ভাই সিফাত হাসান রাকিব বলেন, হামলাকারী নূপুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তার মেরুদণ্ডের একটি হাড় কেটে গেছে। বুকের হাড় ভেঙেছে। বাঁ হাতে মারাত্মক জখম হয়েছে। ডান হাতের আঙুল কেটে গেছে। মুখে আঘাতের কারণে তিনটি দাঁত পড়ে গেছে। এখন নড়াচড়া করার মতো অবস্থাও নেই তার। কোনোমতে শুধু চোখ মেলে তাকাতে পারছেন।
চিকিৎসকদের বরাতে সিফাত জানিয়েছেন, নূপুরের পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাইরে করাতে হচ্ছে। এ জন্য অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হচ্ছে। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও যাতায়াত মিলিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেন নূপুরের স্বজনেরা। তারা জানান, নূপুরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে তাকে। পরিবারের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় তার চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানান তারা।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বলেন, এ ঘটনায় রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমঘটিত কারণে নূপুরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। গ্রেপ্তার রায়হান ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।