 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিবাণিজ্য

উচ্চশিক্ষায় অনাচারের ছায়া

‘শেখাতে গেলেই শেখা হয়’ এই জাপানি প্রবাদটির গভীরতা আর মর্মার্থ অনুসরণের প্রক্রিয়া আমাদের শিক্ষা জগতে বহু ক্ষেত্রেই অপাঙ্ক্তেয়। শিক্ষা নিয়ে আমাদের সমাজে অনেক ‘অমিয় বাণী’ বহুল চর্চিত হলেও এর উল্টোটাই নানাভাবে ফিরে ফিরে দৃশ্যমান হয়ে ওঠে এবং এরই ফের প্রতিফলন দেখা গেছে ২১ নভেম্বর দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদনে। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফরম বিক্রির নামে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নির্ধারিত আবেদন ফি সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনেছে। কোথাও একটি ইউনিটে আবেদন করতে গুনতে হচ্ছে ১০০০ টাকা, কোথাও তা ১৮০০ টাকা পর্যন্ত।’ দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা, কুমিল্লা ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে ফি’র নামে বাড়তি টাকা আদায়ের কায়দা-কৌশল শিক্ষা নিয়ে বাণিজ্যের যে চিত্র উঠে এসেছে তা অনাচারের শামিল। তাতে আমরা ক্ষুব্ধ এবং যুগপৎ বিস্মিত। আমরা প্রশ্ন রাখতে চাই, শিক্ষা কি বাণিজ্যিক পণ্য?

সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্র্তৃপক্ষগুলো এ ব্যাপারে যে যুক্তিই দেখাক না কেন তা যে হয়ে দাঁড়াবে খোঁড়া যুক্তির নামান্তর, এ আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পান। তাই ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন কিংবা এ সংক্রান্ত কোনো কাজের জন্যই অতিরিক্ত সম্মানী গ্রহণের অবকাশ নেই। দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ইউজিসির নিয়ম অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ৬০ শতাংশ পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যয় করা যাবে। বাকি ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলে জমা দিতে হবে। কিন্তু ভর্তি ফি কত টাকা করে নেওয়া যাবে সে বিষয়ে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নেই। এ প্রেক্ষাপটে আমাদের প্রশ্ন হচ্ছে, কর্র্তৃপক্ষ কি সুযোগ বুঝে কোপ মারছে? অনাচারের ক্ষেত্র আরও বিস্তৃত। ৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে তাও বিভিন্ন খাতে বণ্টনের তথ্য দেশ রূপান্তরের অনুসন্ধানেই উঠে এসেছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে তা অনুসরণের ঘটনাও ঘটেছে! যেখানে জ্ঞানের চর্চা, জীবনের বিকশিত হওয়ার উর্বরতা মুখ্য অনুষঙ্গ হওয়ার কথা সেখানে কদাচার কীভাবে ব্যাখ্যা-বিশ্লেষণের দাবি রাখে?

আমরা জানি, এসব প্রশ্নের উত্তর প্রীতিকর হতে পারে না। বিশ্ববিদ্যালয় তো বটেই, কোনো স্তরের শিক্ষাঙ্গনেই এমন বিষের আস্তর থাকতে পারে না। রবীন্দ্রনাথ বলেছেন, ‘মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন’। কিন্তু আমরা দেখছি অনৈতিকতার অধীনে যেন চলে যাচ্ছে আমাদের আকাক্সক্ষার নাভিকেন্দ্রগুলো। আমরা মনে করি, সমাজ ঘিরে আকাক্সক্ষা-প্রত্যাশার অন্যতম নাভিকেন্দ্র হলো শিক্ষাক্ষেত্র। নৈতিক শিক্ষা মানুষকে বিবেকবান, ন্যায়পরায়ণ ও মানবিক করে তোলে। কিন্তু একটি দেশ কিংবা সমাজে শিক্ষার সঙ্গে যুক্ত যারা তাদেরই কেউ কেউ যদি অনৈতিকতার চাষাবাদ করেন তাহলে বিবেকবান, ন্যায়পরায়ণ ও মানবিক গুণসম্পন্ন মানুষ গড়া নিশ্চয় দুরূহ। এমনিতেই আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অর্থের অভাবে অনেক ক্ষেত্রেই শিক্ষার খরচ জোগানো কঠিন। অনেক শিক্ষার্থীর পক্ষে তাদের পারিবারিক আর্থিক দৈন্যের কারণে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সংগতি নেই। এর ফলে মেধা-যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশও নিতে পারেন না। শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর চাপের বিষয়টি বিবেচনায় রাখা যেখানে অত্যধিক জরুরি সেখানে দৃশ্যমান এর উল্টো চিত্র! আমরা চাই, শিক্ষাঙ্গনের আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা বাঞ্ছনীয়।

আমরা বিশ্বাস করি, নৈতিকতা যেখানে আক্রান্ত মানবতা ও দায়িত্ববোধ সেখানে বিপন্ন। নৈতিক জ্ঞান জন্মগত কোনো বিষয় নয়, তা অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে কোনো কোনো ত্রাতা কি অনিয়মকেই নিয়মে পরিণত করতে উদগ্রীব? কোনো আদর্শ শিক্ষক কিংবা কর্তৃপক্ষের অনৈতিকতার চাষ করা শুধু অনুচিতই নয়, গুরুতর অন্যায়ও বটে। উচ্চশিক্ষার আড়ালে ভর্তি ফি বাণিজ্যের যথাযথ প্রতিবিধান হোক এবং যারা এর হোতা, তাদের জবাবদিহির আওতায় আনা হোক। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দুরাচারের বিরুদ্ধে দাঁড়ানোই নৈতিক শিক্ষার প্রথম পাঠ, তা যেন স্বেচ্ছাচারীরা বিস্মৃত না হন।