জীববৈচিত্র্যের পরিপূর্ণ নেত্রকোনা অঞ্চলের হাওর, পাহাড় ও সমতলের বনাঞ্চল। নেত্রকোনা জেলার ১৩৫টি হাওর, শত শত বিল, ১১৫টি নদী, পুকুর, খাল ও বিস্তৃত খোলা মাঠ, উত্তরে গারো পাহাড়ের পাদদেশ এবং উর্বর সমতলের সমন্বয়ে এক অনন্য প্রাকৃতিক পরিবেশের অধিকারী। এই বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির কারণে নেত্রকোনা দেশীয় ও পরিযায়ী উভয় প্রকার পাখির জন্য এক গুরুত্বপূর্ণ আবাসস্থল। বিশেষ করে শীতকালে মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী, কেন্দুয়া, কলমাকান্দার হাওরাঞ্চলে সাইবেরিয়াসহ সুদূর অঞ্চল থেকে আসা অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। এই পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেত্রকোনা জেলার তলার হাওর, সুনুই হাওর, গণের হাওর, বাঘরা হাওর, ডিঙ্গাপোতা হাওর, ধলিবন্দের হাওর, ছায়ার হাওর, লক্ষ্মীপাশা, পাঙ্গাশিয়া, সাতবিলা, কুটিচাপড়া, উচিতপুর হাওরে পাখি শিকারিরা পাখি শিকার করে।
পাখি শিকার ও বিলুপ্তির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। শীতকালে কিছু শিকারি মৌসুমি পেশা হিসেবে গ্রহণ করে। আমরা লক্ষ করছি যে, প্রকৃতির এই অমূল্য সম্পদ আজ মারাত্মক হুমকির মুখে। নেত্রকোনার হাওরাঞ্চলে প্রতি বছর শীত এলেই এক শ্রেণির অসাধু শিকারি ফাঁদ পেতে, বিষটোপ ব্যবহার করে, এয়ারগান দিয়ে অবাধে পাখি নিধনে মেতে ওঠে। দেশীয় পাখি যেমন ঘুঘু, ডাহুক, ডাহুক, টিয়া, দোয়েল, শারস, চড়–ই, কোড়া, কানা বক, কাইম, গো-শালিক, চন্দ্রা, সাদা বক; তেমনি পরিযায়ী পাখি যেমন বালিহাঁস, ল্যান্জা হাঁস, সরালী, পানকৌড়ি, চখা ইত্যাদি শিকার হয়। বনে পাহাড়ে সচরাচর বিচরণ করত বনহাঁস, সারস, পেঁচা ময়না, ঘুঘু, চড়ুই, টুনটুনি, কোকিল, বেনেবউ, বউ কথা কও, টিয়া, বনমোরগ, মাছরাঙা, বক, কোয়েল, পাতিকাক, দাঁড় কাক, কাঠময়ূর, বালিহাঁস, চন্দনা, হরিয়াল, কাঁঠঠোকরা, ফেসকুল, বুলবুলি, ঈগল, বাজপাখি, শকুন, হারগিলা, কাইম, ডাহুক। এসবের মধ্যে অনেক পাখিই আজ বিলুপ্তির পথে। গভীর রাতে ডাহুকের মিষ্টি ডাক শোনা যায় না।
পতঙ্গের ও মাছে বিষ মিশিয়ে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়। পাখি এসব বিষটোপ খেয়ে অচেতন হয়ে পড়লে শিকারিরা ধরে ফেলে, তা ছাড়া জাল, বিষটোপ, এয়ারগান ও বিভিন্ন ফাঁদের মাধ্যমে পাখি শিকার করা হয়। শিকারিরা স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে এসব পাখি বিক্রি করে। নাইলনের সুতা তৈরির ফাঁদ, ডাহুক ধরার ফাঁদ, ঘুঘু ধরার জন্য এক ধরনের ছোট ঘর, বক ধরার জন্য কলাগাছের ঘর তৈরি করে ধানক্ষেতের মাঝে। শিকারিরা ফসফরাস কম্পাউন্ড, নিউনিকোটনয়েড, কিছু রাসায়নিক, বাসুডিন, পুরাডান, কার্বোটাফসহ কিছু বিষটোপ ব্যবহার করে।
বন ধ্বংস, জলাভূমির বিলুপ্তি, নদী, বিল ভরাটসহ পাখির আবাসস্থল ধ্বংসের কারণে পাখি বিলুপ্ত হচ্ছে। আরেকটি প্রধান কারণ হলো তাদের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস। হাওর ও জলাভূমি ভরাট করে মাছ চাষ বা কৃষিজমি তৈরি করা, পাহাড় ও সমতলের বনভূমি উজাড় করা এবং রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার পাখিদের জীবনধারণ ও প্রজননে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে। অবাধ নিধন ও আবাসস্থল সংকটের ফলে বহু প্রজাতির পাখির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। পাখি তার চিরচেনা আবাসভূমি ছেড়ে চলে যাচ্ছে অন্য দেশে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অদূর ভবিষ্যতে অনেক প্রজাতিই স্থানীয়ভাবে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাখি শিকার বা নিধন একটি দ-নীয় অপরাধ। বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ অনুযায়ী পাখি শিকার, হত্যা, পাচার, ক্রয়-বিক্রয় বা দখলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে পাখি শিকার বা হত্যার জন্য সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদ- অথবা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদ- অথবা উভয় দ-ে দ-িত হওয়ার বিধান রয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি করলে শাস্তি ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে। তবে স্থানীয় পর্যায়ে আইনের কার্যকর প্রয়োগের অভাব এবং সচেতনতার ঘাটতি থাকার কারণে শিকারিরা এখনো বেপরোয়া।
নেত্রকোনার পাখিদের বাঁচাতে হাওর, পাহাড় ও সমতলে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। আইন কঠোরভাবে প্রয়োগ করে পাখি শিকারি ও বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শীত মৌসুমে হাওর এলাকা, বিশেষ করে খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দার গুরুত্বপূর্ণ জলাশয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত টহল বাড়াতে হবে। জনসচেতনতা সৃষ্টি করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ স্থানীয় পর্যায়ে সভা-সেমিনার ও প্রচারণার মাধ্যমে পাখি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে হবে। স্থানীয়দের সম্পৃক্ত করে হাওর, পাহাড় ও সমতলের সাধারণ মানুষ, কৃষক, জেলে ও শিক্ষার্থীদের পাখি রক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে। তাদের পাখি পর্যবেক্ষক বা রক্ষক হিসেবে উৎসাহিত করা যেতে পারে। পাখি সংরক্ষণে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব প্রচার করতে হবে।
পাখির প্রধান খাদ্যক্ষেত্র হাওর, বিল ও জলাভূমিকে জবরদখল ও দূষণমুক্ত রেখে সংরক্ষণ করতে হবে। রাসায়নিক কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পাহাড়ি ও সমতল এলাকায় দেশীয় ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করে পাখির নিরাপদ আশ্রয়স্থল ও প্রজননক্ষেত্র তৈরি করতে হবে। পাখিদের নিরাপদ বিচরণ ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে নিয়ন্ত্রিত পরিবেশ পর্যটনকেন্দ্র গড়ে তোলা যেতে পারে। নেত্রকোনার পাখি আমাদের প্রাকৃতিক উত্তরাধিকার ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। পাখিদের রক্ষা করা শুধু বন্যপ্রাণী বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও সম্মিলিত দায়িত্ব। আইন, সচেতনতা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে এখনই কার্যকর পদক্ষেপ নিলে, তবেই হাওর, পাহাড় ও সমতলের পাখিরা নিরাপদ থাকবে এবং ভবিষ্যতের প্রজন্ম এই মনোমুগ্ধকর জীববৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাবে।
লেখক : পরিবেশকর্মী ও গবেষক। আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক