হুইলচেয়ার

শারীরিক প্রতিবন্ধকতা, দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে যাদের স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে অসুবিধা হয়, তাদের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হুইলচেয়ার। এটি শুধু চলাচলের মাধ্যম নয়, বরং একজন মানুষের দৈনন্দিন কাজ, আত্মনির্ভরশীলতা ও সামাজিক জীবনে অংশগ্রহণের সুযোগ বাড়ায়।

হুইলচেয়ারের ইতিহাস বেশ পুরনো। ধারণা করা হয়, ষষ্ঠ শতকে চীন ও গ্রিসে চাকার সঙ্গে আসনযুক্ত বাহনের ব্যবহার ছিল। ১৫৯৫ সালে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের জন্য চার চাকার বিশেষ চেয়ার তৈরি করা হয়। তবে ১৬৫৫ সালে জার্মানির ঘড়ি নির্মাতা স্টিফেন ফারফলার প্রথম স্বয়ংচালিত হুইলচেয়ার তৈরি করেন বলে জানা যায়। তিনি নিজেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটতে পারতেন না।

বর্তমানে ব্যবহার ও পরিচালনা পদ্ধতি অনুযায়ী হুইলচেয়ার প্রধানত দুই ধরনের ম্যানুয়াল ও ইলেকট্রিক। ম্যানুয়াল হুইলচেয়ার হাতে চাকা ঘুরিয়ে অথবা অন্য কারও সাহায্যে চালানো যায়। ইলেকট্রিক হুইলচেয়ার ব্যাটারিচালিত এবং নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী ফোল্ডিং, স্পোর্টস, রিক্লাইনিং ও স্ট্যান্ডিং হুইলচেয়ারও রয়েছে।

যাদের পা অবশ, পক্ষাঘাত, মেরুদ-ে আঘাত, পেশির দুর্বলতা, হাড়ের জটিলতা কিংবা দুর্ঘটনাজনিত কারণে হাঁটাচলায় অসুবিধা হয়, তাদের জন্য হুইলচেয়ার উপযোগী। বয়স্ক ব্যক্তি এবং অস্ত্রোপচারের পর সাময়িকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিরাও ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারকারীর শারীরিক অবস্থা, প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে উপযুক্ত হুইলচেয়ার নির্বাচন করা জরুরি।