আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’। একই দিনে দুই ছবির মুক্তি ঘিরে বক্স অফিসের মুখোমুখি অবস্থানে পড়েছে সিনেমা দুটি। তবে আগে থেকে বিষয়টি জানা ছিল না বলে শ্রদ্ধা কাপুরকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন সালমান খান।
সম্প্রতি হায়দরাবাদে এবিপি আয়োজিত এক অনুষ্ঠানে সালমান জানান, ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ চূড়ান্ত করার সময় শ্রদ্ধার ছবিও যে একই দিনে আসছে, তা তার জানা ছিল না। আগে জানলে একই দিনে নিজের সিনেমা মুক্তি দিতেন না বলেও মন্তব্য করেন তিনি। সালমানের ভাষ্য, ফোনে দুঃখ প্রকাশ করলে শ্রদ্ধা তাকে আশ্বস্ত করে বলেন, দুটি ছবির জন্যই যথেষ্ট জায়গা রয়েছে। শ্রদ্ধার এই ইতিবাচক সাড়ায় আনন্দিত সালমান দর্শকদের ‘ইথা’ দেখার আহ্বানও জানিয়েছেন।
লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইথা’ নির্মিত হয়েছে মারাঠি লোকশিল্পী বিথাবাই নারায়ণগাওকরের জীবনী অবলম্বনে, যেখানে শ্রদ্ধার সঙ্গে আছেন রণদীপ হুডা ও মোহাম্মদ জিশান আইয়ুব। অন্যদিকে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’তে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।