বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ২৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অন্যদিকে ২৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল, তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর পেয়েছেন ১৫৪ ভোট।
সহসভাপতি পদে রিমন মাহমুদ (২৬১) ও হামিদ মোহাম্মদ জসিম (২২৯) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ। অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক ইশরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিব আল হাসান।
এ ছাড়া নির্বাহী সদস্যের নয়টি পদে শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক নির্বাচিত হয়েছেন। ৫২৫ ভোটারের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এরফানুল হক নাহিদ।