জয়পুরহাটের ঐতিহ্য ও মানবিক গল্প ইত্যাদি

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত পর্বটি আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টায় বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। ফাগুন অডিও ভিশনের নির্মাণে এই পর্ব স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

নান্দাইল দিঘির তীরে আয়োজন ঘিরে স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলার হাজারো মানুষের ঢল নামে। এবারের পর্বে খুরশিদ আলমের তিনটি জনপ্রিয় গানের সংকলন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারির কণ্ঠে নজরুলসংগীত এবং রাশেদ ও স্বীকৃতির গাওয়া জয়পুরহাট পরিচিতিমূলক নৃত্যগীত রয়েছে। দর্শকপর্বে জেলার লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে স্থানীয় ভাষায় নাট্যাংশ পরিবেশন করেন নির্বাচিত চার দর্শক।

প্রতিবেদনের মধ্যে রয়েছে জয়পুরহাটের কৃষি, পোলট্রি শিল্প ও দর্শনীয় স্থান, বাকপ্রতিবন্ধী তিন ভাই, ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মণ এবং যশোরের কেশবপুরের মানবসেবক লেয়াকত আলীর গল্প। পাশাপাশি চিঠিপত্র পর্ব, কাশেম টিভি এবং নাগরিক জীবন, অনলাইন প্রতারণা, ট্রল ও চটকদার শিরোনামসহ নানা সমসাময়িক নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, সুভাশিষ ভৌমিক, নিপু ও সুমন পাটোয়ারীসহ অনেকে। শিল্প নির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।