সাপ্তাহিক লেনদেনে ডিএসইর শীর্ষে মালেক স্পিনিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষ অবস্থান দখল করেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার কেনাবেচায় দৈনিক গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ এসেছে কোম্পানিটির শেয়ার থেকে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এসপিসিএল। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ২৬ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। অন্যদিকে ২২ কোটি ৩৮ লাখ টাকার গড় লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিপিপিএল।

এ ছাড়া বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং রানার অটোমোবাইলস। সাপ্তাহিক লেনদেনের এই চিত্রে দেখা যায়, আলোচিত সময়ে বস্ত্র, ব্যাংক, ওষুধ ও বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।

এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ারদর কমার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এর দর ছিল ১৪ টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে ১১ দশমিক ৪৩ শতাংশ দর হারিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি।