ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে শেয়ারবাজার

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও প্রধান সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ। একই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। ফলে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি বেড়েছে ১ দশমিক ১২ শতাংশ।

এদিকে ডিএসইর অন্য প্রধান সূচকেও ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ দশমিক ৮ পয়েন্টে।

তবে প্রধান ও শরিয়াহ সূচকে ঊর্ধ্বগতি থাকলেও এসএমই সূচকে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। আলোচিত সপ্তাহে এ সূচক ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ০৫ শতাংশ কমে ৯২২ দশমিক ৯১ পয়েন্টে নেমে এসেছে।

সূচকের পাশাপাশি লেনদেনেও গতি ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজারে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে এক সপ্তাহে গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।

পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকা। একই সময়ে মার্কিন ডলারে মোট লেনদেনের পরিমাণ ২৬ কোটি ডলার থেকে বেড়ে ৩২ কোটি ডলারে উন্নীত হয়েছে।

এদিকে বাজার মূলধনেও ইতিবাচক পরিবর্তন এসেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহের শেষে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি টাকা বা ০ দশমিক ৫২ শতাংশ।

লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যাও গত সপ্তাহে বেড়েছে। পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার। একই সময়ে মোট লেনদেন নিষ্পত্তি বা হাওলার সংখ্যা ৯ লাখ ৮৪ হাজার ৫৯৮ থেকে বেড়ে ১০ লাখ ৫৪ হাজার ৬৭৩টিতে দাঁড়িয়েছে।

তবে বাজারের দরবিস্তারে চিত্রটি পুরোপুরি ইতিবাচক ছিল না। আলোচিত সপ্তাহে ডিএসইতে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৫৮টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং ৪০টির দর অপরিবর্তিত ছিল। এ ছাড়া ৬০টি প্রতিষ্ঠানের কোনো শেয়ার বা ইউনিট সপ্তাহজুড়ে লেনদেন হয়নি।

দীর্ঘদিনের মন্দাভাব ও অনিশ্চয়তা কাটিয়ে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। সাম্প্রতিক সময়ে লেনদেনের পরিমাণ ও প্রধান সূচকের ঊর্ধ্বগতি বাজার নিয়ে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে এই ইতিবাচক প্রবণতা যেন সাময়িক না হয়ে ধারাবাহিকতায় রূপ নেয়, সেটিই এখন বিনিয়োগকারীদের প্রধান প্রত্যাশা।

তাদের মতে, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি কারসাজি ও অনিয়ম বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চান, বাজারে যেন স্বাভাবিক লেনদেনের পরিবেশ বজায় থাকে এবং হঠাৎ বড় ধরনের দরপতনের ঝুঁকি কমে।

বিনিয়োগকারীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরবে। এতে নতুন বিনিয়োগ বাড়বে এবং বাজার দেশের অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত