খেলাপি ঋণ কমাবে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন

ব্যাংকের খেলাপি ঋণের বোঝা কমাতে সহায়ক হতে পারে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আইন। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের আইন প্রয়োগে সফল হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এ আইনের সফলতা নির্ভর করবে কীভাবে আইনটি প্রণয়ন ও প্রয়োগ করা হচ্ছে, তার ওপর। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ।

আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত এবং বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আইনের খসড়া তৈরি করা হয়েছে। এতে আন্তর্জাতিক মান ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরাও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠায় দরপত্রে অংশ নিতে পারেন।

তিনি বলেন, এ উদ্যোগের জন্য সরকারিভাবে তহবিলের ওপর নির্ভর করতে হচ্ছে না। বরং বেসরকারি খাতের উদ্যোক্তাদের আকৃষ্ট করাই এর উদ্দেশ্য। তারা ব্যাংকের সঙ্গে আলোচনা করে সংকটাপন্ন সম্পদ হস্তান্তর করবেন। এ হস্তান্তর হবে স্থায়ী। ফলে আইনগতভাবে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে হস্তান্তরিত সম্পদের বিষয়ে ব্যাংকের আর কোনো দায়বদ্ধতা থাকবে না। এটি মূলত বেসরকারি খাতের বাজারভিত্তিক উদ্যোগ। এতে শুধু কোম্পানি ও ব্যাংককে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, খেলাপি ঋণের দায় রাজনৈতিক চাপ, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান এবং ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব ঋণের জন্য দায়ী করা হচ্ছে নিচের পর্যায়ের শাখা ব্যবস্থাপকদের। এটি হওয়া উচিত নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, প্রথমেই বিবেচনা করতে হবে, প্রকৃতপক্ষে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রয়োজন আছে কি না। বর্তমানে অর্থঋণ আদালত, আলোচনা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলোকে আরও পরিপক্ব ও কার্যকর করা গেলে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রয়োজন নাও হতে পারে। কারণ, এ ধরনের কোম্পানি হচ্ছে সর্বশেষ অবলম্বন।

পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে ভালো ফল করতে পারেনি। যেসব ব্যাংক থেকে তারা সম্পদ কিনেছিল, পরে সেগুলো আবার সংশ্লিষ্ট ব্যাংকের কাছে ফিরিয়ে দেয়। তাই বাংলাদেশে এ ধরনের কোম্পানির প্রয়োজনীয়তা আগে যাচাই করা উচিত।