তারানা হালিমের খোঁজে পুলিশের অভিযান

সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের খোঁজে তার রাজধানীর গুলশানের বাসায় পুলিশ অভিযান চালায়। তবে পুলিশ সেখানে গেলেও তারানা হালিমকে বাসায় পাওয়া যায়নি।

জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে গুলশান-২ এলাকার ওই ভবনে যান পুলিশ সদস্যরা। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ সদস্যরা অবস্থান করলেও তারানা হালিমকে পাননি।

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নুর জানান, আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।

তবে ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে আসে। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না। তিনি আরও বলেন, স্যার তো নেই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুজন নারী পুলিশ ওপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নেই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।