রাজধানীর খিলগাঁওয়ে নাগদারপাড় এলাকার একটি ওয়ার্কশপের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে মোস্তফা (২২) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তবে স্থানীয় ও সংশ্লিষ্টরা বলছেন, এলাকায় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন আয়েশা ও জুলেখা অভিযোগ করেন, তাদের ভাই দিনমজুর ছিলেন এবং যেখানে কাজ পেতেন, সেখানেই কাজ করতেন। মাছ ধরার জন্য তারা একটি ডোবা কেনেন। এ নিয়ে হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল রাত ৩টার দিকে কয়েকজন মোস্তফাকে বাসা থেকে ডেকে নাগদারপাড় পেট্রোলপাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপে নিয়ে যায়। ওই ওয়ার্কশপের ভেতরে হোসেন, ইউনুস ও খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে মোস্তফাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এর ফলেই তার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা আরও জানান, তাদের বাসা নাগদারপাড় ব্রিজ কমিশনারবাড়ি এলাকায় এবং বাবার নাম মৃত নেয়ামত আলী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে মোস্তফা ছিলেন অন্যতম। সাত মাস আগে অর্থ ও চিকিৎসার অভাবে তাদের বাবা মারা যান।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রোলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যায়। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত মোস্তফা খিলগাঁও নন্দিপাড়া এলাকার বাসিন্দা। বাবার নাম নিয়ামত আলী। নিহত যুবক একেক সময় একেক কাজ করত বলে জানা গেছে।