বন আনারস

কেয়া। বহুবর্ষজীবী, চিরসবুজ, গুল্মজাতীয় উদ্ভিদ। কোনো কোনো প্রজাতি দেখতে ছোট গাছের মতো। অসাধারণ সুন্দর ফুল ও অনেকটা আনারসের মতো দৃষ্টিনন্দন ফল হয় গাছটিতে। দেশের সেন্ট মার্টিন ও সুন্দরবনে এ গাছটির আধিক্য রয়েছে। অন্যান্য অঞ্চলে বৃহৎ পরিসরে গাছটির খুব একটা বিস্তৃতি নেই। তবে চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারের চা-বাগানের সবুজের ফাঁকে, গ্রামের মেঠোপথের পাশে কিংবা হাওরের কিনারে চোখে পড়ে কেয়া গাছ। বর্ষায় সুগন্ধি ফুল আর আনারসের মতো ফলের সমারোহে উদ্ভিদটি

প্রকৃতিতে যোগ করে ভিন্ন সৌন্দর্য। চা-বাগান অঞ্চলের শ্রমিকদের কাছে কেয়ার ফল পরিচিত ‘পাগলা আনারস’ নামে। আবার গ্রামাঞ্চলে অনেকে একে চেনেন ‘বন আনারস’ হিসেবে।’

প্রতি বছর বর্ষাকালে কেয়া গাছে অসাধারণ ও সুগন্ধী ফুল ফুটে। তাই অনেকে কেয়া ফুলকে বর্ষার রানী বলে থাকেন। ফুল ফোটার মাস খানেকের মধ্যেই গাছে অনেকটা আনারসের মতো ফল ধরে। কাঁচা অবস্থায় ফলের রঙ সবুজ আর পাকার পর ফলের রঙ হয় হলুদ বা লাল। গাছে কেয়া ফল ধরার পর এটির পাকতে এক বছরের মতো সময় লাগে। এটির ফলের স্বাদ মিষ্টি।

কেয়ার ইংরেজি নাম Screw pine, বৈজ্ঞানিক নাম Pandanus tectorius, এটি Pandanaceae পরিবারভুক্ত। কেয়া বহুবর্ষজীবী, গুল্মজাতীয় ছোট বৃক্ষসদৃশ উদ্ভিদ। কা- শক্ত এবং গোড়ার দিকে ঠেসমূল বা স্তম্ভ¢মূল (শিকড়) দেখা যায়, যা গাছকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কেয়া গাছ সাধারণত ৪ থেকে ৫ মিটার উচ্চতার হয়ে থাকে। এটির পাতা ১ দশমিক ৫ মিটার পর্যন্ত লম্বা এবং ৪ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়। পাতার কিনারা এবং নিচের মধ্যশিরাতে করাতের মতো ধারালো কাঁটা থাকে। পাতার আগা সরু ও লম্বা।

কেয়া সাধারণত একলিঙ্গ ফুল উৎপন্ন করে। কেয়া সাধারণত দ্বিবাসী উদ্ভিদ; পুরুষ ও স্ত্রী ফুল পৃথক গাছে জন্মায়। কেয়ার পুরুষ ফুল থেকে সুগন্ধি নির্যাস বা সুগন্ধি তেল প্রস্তুতের ঐতিহ্য রয়েছে। দক্ষিণ এশিয়ায় আতর ও সুগন্ধি তৈরিতে কেয়া ফুলের ব্যবহার পরিচিত। উপকূলীয় অঞ্চলে কিছু কেয়াজাতীয় উদ্ভিদের শিকড় মাটি ধরে রাখতে এবং বালুময় পরিবেশ স্থিতিশীল রাখতে সহায়তা করে।

প্রকৃতিবিষয়ক লেখক মো. মিজানুর রহমান কেয়া সম্পর্কে গবেষণাধর্মী এক প্রবন্ধে লেখেন, ‘কেয়া গাছের কথা সেই প্রাচীনকাল থেকেই বিভিন্ন সাহিত্যে লিপিবদ্ধ হয়ে আসছে। পালি সাহিত্যের গ্রন্থ জাতকে (গৌতমবুদ্ধের অতীত জন্মসমূহের বৃত্তান্ত) আমরা কেয়ার কথা পাই। এই জাতকের মাধ্যমে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে হিমালয়ে যে কেয়া বা কেতকী গাছ ছিল তা জানা যায়। স্কন্দপুরাণে কেয়া ফুলের কথা আছে। কেয়ার বাংলা নাম কেয়া বা কেতকী। কেয়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতানের প্রকৃতি পর্যায়ের ৭৭ নম্বর গান ‘বাদল-ধারা হল সারা’তে লিখেছেন ‘কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি;

মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি...।’