রিজভী বললেন

আধুনিক সেনাবাহিনীর রূপকার জিয়াউর রহমান

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একটি আধুনিক সেনাবাহিনী গড়ে না তুলে সমান্তরালভাবে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। সেনাবাহিনীকে কাউন্টার করার জন্যই রক্ষীবাহিনী গঠন করা হয়। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশাপাশি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ও তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বাংলাদেশের জনগণের নিজস্ব চিন্তা ও আকাক্সক্ষা রয়েছে। যারা এসব আকাক্সক্ষাকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ একাকার হয়ে গেছে।’

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর প্রমুখ।