গোলাম পরওয়ার বললেন

আ.লীগ দা-রড নিয়ে যা দেখিয়েছে তা বড় জঙ্গিবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকা-কে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আওয়ামী লীগ দা-রড নিয়ে রাস্তায় নেমে গাছপালা কাটছে, সড়ক অবরোধ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে এবং হাসপাতাল ভাঙচুর করছে। গত এক সপ্তাহে রাজপথে তারা যা দেখিয়েছে, এর চেয়ে বড় জঙ্গিবাদ আর হতে পারে না।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। তার ভাষ্য, গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করবে জামায়াত।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দ-প্রাপ্ত পলাতক আসামি ডিসেম্বরে দেশে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্র প্রস্তুত করতে আওয়ামী লীগের পলাতক নেতারা ভিডিও বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি উসকে দিচ্ছেন। গোপালগঞ্জসহ দেশের স্বাধীন ভূখ-ের একটি অংশকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। এসব কর্মকা-ের বিরুদ্ধে দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের লোকজন আশ্রয় নিচ্ছে। সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। এমনকি মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর আশপাশেও তারা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা অর্থহীন। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।