পাগলা মসজিদের দানবাক্সে ১০ কোটি টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। গতকাল শনিবার সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।

গতকাল সকাল ৭টার দিকে ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার বিষয়টি উপস্থিতদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

প্রায় চার মাস ২৪ দিন পর এবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত গণনা শেষে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি টাকা গণনার কাজ চলছে। দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।