ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 'মঞ্জিল পরিবহন'-এর একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই আগুন লাগে।

বাসটিতে যাত্রী সংখ্যা খুব কম থাকায় আগুন লাগার সাথে সাথেই সবাই দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

‎শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসচালকের দাবি অনুযায়ী, যাত্রীবেশে থাকা দুজন ব্যক্তি বাস থেকে নেমে যাওয়ার পরপরই পেছনের অংশে আগুন জ্বলে ওঠে। 

তবে, হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাবার পরই আগুন দেখা যায়। বাসে অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।