ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়তে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশে চলমান নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করবেন তিনি। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সদস্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে দেশজুড়ে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে নাশকতা ও সহিংসতা মোকাবিলার লক্ষ্য নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য অটুট রাখতে দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ওই সদস্য দেশ রূপান্তরকে জানান, সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে। লন্ডন সফর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় ঢাকায় ফিরছেন।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। তিনি দেশে ফেরার পর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সংলাপের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপের বিষয়টি চূড়ান্ত করছে। প্রথম পর্যায়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। পরে সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

ওই নেতা আরও জানান, সংলাপে সরকারের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নেবেন।

এনসিপির নেতারাও সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্য গড়ার যেকোনো উদ্যোগের সঙ্গে তাঁরা রয়েছেন। তবে এ ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও ধারাবাহিকতা থাকতে হবে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তাঁরা অনড় থাকবেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমিরও সরকারপ্রধানের জাতীয় ঐক্যের আহ্বানে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। তার সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণের বিষয়ে সরকারের আলোচনা চলছে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও নাশকতার অভিযোগ ওঠার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আলোচনা জোরালো হয়। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর সেই উদ্যোগ বাস্তবায়নে সংলাপের সিদ্ধান্ত সামনে আসে।