এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রবিবার বিকেলে দেশে ফিরবেন। তার দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। তবে দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।