কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে যৌথ বাহিনীর অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ এবং ৮ মাস বয়সী একটি শিশু রয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে একদল মানুষকে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই আটজনকে নিরাপদে উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে সেনাবাহিনী মালয়েশিয়াগামী ৮ জন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। উদ্ধার হওয়াদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।