কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের মহেশখালী থানাধীন কুতুবজোম সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ২০ নভেম্বর রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজার কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুইজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল। এসময় ডাকাতদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ডাকাত ও জলদস্যু দমনে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার, মহেশখালী ও সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করা হয়ে থাকে।