ঢাকাকেন্দ্রিক ক্রিকেটের বলয় ভেঙে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিভা অন্বেষণ ও সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে দেশের সাত থেকে আটটি শহরে একাডেমি চালুর পরিকল্পনার কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। এসব একাডেমিতে প্রতিভাবান ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে চায় বিসিবি। গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে সাত থেকে আটটি শহরে বিসিবি একাডেমি চালু করতে যাচ্ছে।’
প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকা শহরগুলোকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। এসব অঞ্চলে মাঠ, ইনডোর অনুশীলনের ব্যবস্থা এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচ থাকায় নতুন অবকাঠামো নির্মাণ ছাড়াই কার্যক্রম শুরু করা সম্ভব। স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে তাদের কার্যক্রম শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলের ব্যক্তিগত ও স্থানীয় একাডেমিগুলো ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখছে। বিসিবি তাদের বিকল্প হতে চায় না, বরং সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণের সুযোগ দিতে চায়। স্থানীয় একাডেমি থেকে কোনো ক্রিকেটার বিসিবির একাডেমিতে সুযোগ পেলে সেটিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্জন হিসেবে দেখতে চান তামিম, ‘চট্টগ্রামে যদি একটি একাডেমি হয় এবং সেখানকার কোনো স্থানীয় একাডেমি থেকে দুজন ছেলে বিসিবি একাডেমিতে সুযোগ পায়, তাহলে সেটি ওই স্থানীয় একাডেমির জন্য বড় গর্বের বিষয় হবে।’
একাডেমিগুলো পরিচালনায় জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচদের কাজে লাগানোর পরিকল্পনা বোর্ডের। বিসিবির বেতনভুক্ত এসব কোচ বছরের নির্দিষ্ট কয়েক মাস দায়িত্ব পালনের পর অনেক সময় কাজের সুযোগ পান না। নতুন একাডেমিগুলোতে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তামিম, ‘আমার কোচও আছে। আমি জেলা ও বিভাগীয় কোচদের বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করেন, এরপর অনেক সময় তাদের আর কোনো কাজ থাকে না। তারা এই একাডেমিগুলোতে কাজ করবেন।’ খেলোয়াড়দের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমির কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছে বিসিবি। তামিম বলেন, ‘এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। আমরা যাদের নির্বাচন করব, তারা ৫০ জন হোক বা ৬০ জন। বিসিবিই সবকিছুর দায়িত্ব নেবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমি তো চাইব ৬৪টি একাডেমি হোক। আমি ৬৪ জেলায় বিসিবি একাডেমি চাই। তবে ৬৪টি একাডেমি করতে হলে ন্যূনতম প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকতে হবে।’
তৃণমূলের পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা বাড়ানোর কাজও চলছে। মিরপুরে সুইমিং পুল, পুনর্বাসন কেন্দ্র, নতুন ব্যায়ামাগার ও অ্যাথলেটিকস ট্র্যাকসহ বিভিন্ন সুবিধা যুক্ত করছে বিসিবি। এসব অবকাঠামোয় বিনিয়োগের একটি অংশ স্পনসরশিপ থেকে ফিরিয়ে আনতে ৫ বছরের চুক্তিতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হয়েছে বোর্ড। আর্থিক অঙ্ক প্রকাশ না করলেও জানা গেছে, এ চুক্তি থেকে ৪ থেকে ৫ কোটি টাকা পাবে বিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের ম্যাচ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তামিম। ২০২৭ সালের এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। দুই দেশের বোর্ড ইতিবাচক সাড়া দিলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার কথা। এর আগে দুই দলের বিপক্ষে খেলার সুযোগ প্রস্তুতিতে সহায়ক হবে বলে দাবি তামিমের, ‘এশিয়া কাপের ঠিক আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আমি একটি প্রস্তাব দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারি কি না।’
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় আন্তর্জাতিক সূচি নিয়েও আলোচনা করেছেন বিসিবি সভাপতি। আরও ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সাদা বলের ম্যাচ বাড়াতে চায় বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭-২৯ ও ২০২৯-৩১ চক্র এবং ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির বড় টুর্নামেন্টের সূচির সঙ্গে সমন্বয় করে দ্বিপক্ষীয় সিরিজ সাজানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। এমনকি চার দিনের টেস্ট আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
এদিকে নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরি করেছে বিসিবি। তামিম বলেন,‘খেলার বিষয়টি পরে আসে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ভালো খেলবে, খারাপ খেলবে, জিতবে, হারবে এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলতে এসে তাদের নিরাপদ বোধ করতে হবে।’ মাতৃত্বকালীন ছুটি, বেতন-ভাতা এবং সন্তান জন্মের পর মাঠে ফেরার সহায়তা নিয়ে তৈরি নীতিমালাটি কার্যনির্বাহী কমিটিতে অনুমোদিত হয়েছে। আগামী ২৮ তারিখের বোর্ড সভায় এটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।