প্লে-অফের প্রথম ম্যাচেই ঘরের মাঠে কলোম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে এমএলএস কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকার গোল্ডেন বুট পাওয়ার আনন্দ নিয়ে মাঠে নামলেও নু স্টেডিয়ামে সপ্তম বাছাই কলম্বাসের সামনে দাঁড়াতেই পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। উল্টো প্রথমার্ধে প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেসির হলুদ কার্ডের ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্কও।
মৌসুমে ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট করে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার এবং ষষ্ঠ ফুটবলার হিসেবে একাধিকবার এই সম্মাননা জেতেন মেসি। ম্যাচ শুরু আগেই তার হাতে এই পুরস্কার তুলে দেন ক্লাবের সহ-মালিক হোর্হে মাসে। তবে সেই আবহ পড়ল না খেলার মাঠে।
গত এপ্রিলে নতুন এই স্টেডিয়ামে পথচলা শুরুর পর নিয়মিত মৌসুমের ১৭ ম্যাচের মাত্র ছয়টিতে জয় পাওয়া মায়ামি এদিন প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল না করেই মাঠ ছাড়ে, যা মার্চের শুরু থেকে এমএলএসে তাদের তৃতীয় গোলশূন্য ম্যাচ। শুরু থেকেই ছন্দ হারানো স্বাগতিকরা অষ্টম মিনিটে বড় ভুল করে বসে। গোললাইন ছেড়ে বেরিয়ে এসে বক্সের ভেতর চিলির ফরোয়ার্ড গনজালো তাপিয়াকে ফাউল করেন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার; সেখানে নবম মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া নিজেই। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে চেষ্টার কমতি রাখেননি মেসিরা। তবে কলম্বাসের যুক্তরাষ্ট্র জাতীয় দলের গোলরক্ষক প্যাট্রিক শুল্টের নৈপুণ্যে সেই সুযোগ হয়ে ওঠেনি মায়ামির।
উল্টো বিপদ নেমে আসে ৩৬তম মিনিটে, যখন স্টিফেন মোরেইরাকে বেপরোয়া ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার লুহান। দশ জনের দলে পরিণত হওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে হতাশা আরও তীব্র হয়ে ওঠে মেসির মধ্যে। তাপিয়া নির্ধারিত দূরত্ব বজায় না রেখে সামনে দাঁড়িয়ে থাকলে দ্রুত থ্রো-ইন করার সময় তার মুখে বল ছুড়ে মারেন তিনি। এতে রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের ভাগ্য লিখে দেয় কলম্বাস। ৫২তম মিনিটে ব্রাইস মেন্দেজের থ্রু বল ধরে ঠা-া মাথায় সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তাহা হাবরুন, আর ৫৮তম মিনিটে মায়ামি ডিফেন্ডার ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে দারুণ শক্তিমত্তায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তাপিয়া। সেখান থেকে ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। নিয়মিত মৌসুমে কলম্বাসের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করলেও সর্বশেষ ১৮ লিগ ম্যাচে মাত্র পাঁচটি জয় নিয়ে প্লে-অফে উঠে এসেছিল মায়ামি, ফলে এখন ২ ডিসেম্বর ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ খেলতে হলে শুক্রবার ওহাইওতে জয়ের বিকল্প নেই তাদের।