সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ

প্রথম টেস্টে হার, তার ওপর মূল একাদশের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুপস্থিতি। সব মিলিয়ে কঠিন সময় যাচ্ছে বাংলাদেশ দলের। জোহানেসবার্গে ৯ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছেন নাজমুল হোসেন শান্তরা। আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য আরেকটি জয় তুলে সিরিজ নিশ্চিত করা। ড্র করলেও ট্রফিটা নিজেদের দখলেই রাখতে পারবে প্রোটিয়ারা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুই বিভাগই। চোটের কারণে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। প্রথম টেস্টে বাঁ কুঁচকিতে ব্যথা অনুভব করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান ছিটকে গেছেন। যদিও প্রথম টেস্টে দুই ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি, ০ ও ২২ রান করেন। তবে রান না পেলেও দলের ব্যাটিংয়ে অভিজ্ঞতা ও চাপ সামলানোর সামর্থ্যরে কারণে মুশফিকের অনুপস্থিতি বড় ক্ষতি হিসেবে দেখছে বাংলাদেশ দল।

এ নিয়ে গতকাল প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘১০০টি টেস্টের অভিজ্ঞতা পূরণ করা সবসময়ই কঠিন।’ তবে এটাকে অন্য ক্রিকেটারের জন্য সুযোগ হিসেবেও দেখছেন তিনি, ‘এর আগে যখন আরেকজন সিনিয়র খেলোয়াড় মুমিনুল ছিলেন না, তখন হৃদয় (তৌহিদ হৃদয়) এগিয়ে এসে দায়িত্ব নিয়েছিল। আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করছি, যাতে তার জায়গায় যে-ই আসুক না কেন, সে যেন এগিয়ে আসে এবং আমরা তার কাছে যা চাই, তা করে দেখায়। এ কারণেই তারা দলে আছে।’

এদিকে ডান কনুইয়ের পুরনো চোট আবার ফিরে আসায় দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেছেন হাসান মাহমুদ। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার ৪ বল করে ৪ উইকেট পান এই ডানহাতি পেসার। তার বোলিংয়েই একসময় চাপে পড়ে প্রোটিয়ারা। ফলে নতুন বল ও মাঝের ওভারগুলোতে হাসানের অনুপস্থিতি বাংলাদেশের বোলিং আক্রমণকে দুর্বল করবে। তবে খুব বেশি চিন্তা করতে চান না সিমন্স, ‘দলে আরও চারজন পেসার আছে। কাউকে না কাউকে তার কাজের চাপটা নিতে হবে।’

দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে পরিবর্তন অবধারিত। মুশফিকের জায়গায় ফিরতে পারেন জাকের আলী এবং হাসানের পরিবর্তে একাদশে থাকার সম্ভাবনা শরীফুল ইসলামের। তবে সেঞ্চুরিয়নের উইকেটের চরিত্র বিবেচনায় ৪ পেসার খেলানোর চিন্তাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন একজন ব্যাটসম্যান। একাদশের ভারসাম্য নিয়ে প্রধান কোচ বলেন, ‘আমরা উইকেট দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, দলগুলো এখানে এসে ৪ জন পেসার খেলায়, কারণ সেটিই তাদের দলের গঠন এবং সেই ভারসাম্যই তাদের সাহায্য করে। তাই আগামীকাল (আজ) শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে কোন ভারসাম্যটা সবচেয়ে বেশি সাহায্য করবে, আমাদের সেটিই দেখতে হবে।’

প্রথম টেস্টে বোলিং বিভাগই ডুবিয়েছিল বাংলাদেশকে। অগোছালো ছিল বোলারদের লাইন ও লেংথ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে একসময় ৩৭৬ রানে ৭ উইকেট তুলে নিয়েও শেষ তিন উইকেটে ১৭১ রান দিয়ে বসে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৫৫৭ রান। এই জায়গায় উন্নতি চান সিমন্স, ‘আমার মনে হয়, প্রধান শিক্ষাটি নিয়ে আমরা অনেক কথা বলেছি, তা হলো আমাদের বোলিং লাইন। আমরা তাদের যে লাইনে বল করেছি, আমাদের মনে হয়েছে, আমরা তাদের যথেষ্ট খেলতে বাধ্য করতে পারিনি। এটি এমন একটি জায়গা, যেখানে আমাদের উন্নতি করতে হবে। অফ স্টাম্প এবং ফোর্থ স্টাম্পের লাইনে বল করে ব্যাটসম্যানদের আরও বেশি খেলার জন্য বাধ্য করার ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।’

তবে শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও বড় দায়িত্ব নিতে হবে বাকিদের। প্রথম টেস্টে বাংলাদেশের ইতিবাচক দিক ছিল তৌহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটিং। প্রথম ইনিংসে দুজনের ২০৬ রানের জুটি দলকে ৪০০ রানের সংগ্রহ এনে দেয়। কিন্তু বড় প্রশ্ন মুমিনুল হককে নিয়ে। সে দেশে তার টেস্ট রেকর্ড বেশ হতাশাজনক। ১০ ইনিংসে ১০.৬০ গড়ে সংগ্রহ মাত্র ১০৬ রান। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছেন ০ ও ৫ রান। অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যানের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘দেখুন, মাঝে মাঝে আমরা বলি যে সিনিয়র খেলোয়াড় এবং যাদের নামের পাশে ১৩টি টেস্ট সেঞ্চুরি আছে, তারা জানে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, সে কিছুদিন ধরে রান পাচ্ছে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে এবং ছন্দে ফেরার চেষ্টা করছে। আর মাঝে মাঝে খেলোয়াড়দের ওপর একটু বেশি সময় ধরে আস্থা রাখতে হয়। এই ক্ষেত্রে আমরা তার ওপর আস্থা রেখেছি।’

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা খেলতে না পারায় নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় ফিরছেন টনি ডি জর্জি। আর পেস আক্রমণে ডেন প্যাটারসনের পরিবর্তে খেলবেন আনরিখ নরকিয়া। দীর্ঘদিন চোটের কারণে টেস্টের বাইরে থাকা এই গতিতারকার প্রত্যাবর্তন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। বিশেষ করে সেঞ্চুরিয়নের গতি ও বাউন্সি উইকেটে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও নরকিয়ার সম্মিলিত আক্রমণ সামলানো সহজ হবে না।