গঙ্গা চুক্তি পর্যালোচনায় ঢাকা-দিল্লি

গঙ্গার পানিবণ্টন চুক্তির কার্যকরীকরণ পরিস্থিতির পর্যালোচনা এবং নদীর পানিপ্রবাহ সংক্রান্ত তথ্য-উপাত্তের বিনিময় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারত। গতকাল রবিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তি কার্যকরীকরণের অগ্রগতি পর্যালোচনা, গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং পানিবণ্টন-সংক্রান্ত তথ্য-উপাত্তের বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি কার্যকরীকরণ-বিষয়ক বার্ষিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়েছে। যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকটিকে তিনি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, গঙ্গা চুক্তির আওতায় নিয়মিত তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকটি সেই ধারাবাহিকতার অংশ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির দুই দিনব্যাপী বৈঠকটি শেষ হবে আজ। বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী ড. মো. সাজ্জাদ হোসেন, যৌথ নদী কমিশনের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের মোহাম্মদ সামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক মো. বাকি বিল্লাহ এবং যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী কাজী শহিদুর রহমান।

ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় পানি কমিশনের প্রধান প্রকৌশলী সঞ্জয় কুমার গাংওয়ার, সিনিয়র জয়েন্ট কমিশনার রমেশ রাজ সাম্ভারিয়া, আন্ডার সেক্রেটারি কান্নেলুরু গৌতম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি রেনজিনা মেরি ভার্গিস এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব পূজা কুমারী ঝা।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের সম্পর্ক ও পানি -সংক্রান্ত আলোচনার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গত শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদীর পানি-সংক্রান্ত বিষয় আলোচনার প্রতিষ্ঠিত মাধ্যম হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন। তিনি বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, একই সঙ্গে ভারতের স্বার্থও সুরক্ষিত রাখবে।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানিবণ্টন করা হয়। চুক্তির আওতায় ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পানিপ্রবাহের পরিমাপ ও পর্যবেক্ষণ করে দুই দেশের যৌথ কমিটি।