নাশকতা রুখতে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সংলাপ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ এএম

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তাতে ইতিবাচক সাড়া দিয়েছে রাজনৈতিক দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। দেশকে অস্থিতিশীল করে গড়ে তোলার অপচেষ্টার মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছেন এনসিপি নেতারা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সদস্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হবে আগামী ২৮ নভেম্বর। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জসহ সারা দেশে ব্যাপক নাশকতামূলক কর্মকা- চালিয়ে আসছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। এতে জনমনে ভীতির সঞ্চার হয়। এই অপতৎপরতা ঠেকাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় ঐক্যর সুদৃঢ় করার ডাক দেন প্রধানমন্ত্রী।

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেওয়া বাসে, গ্রামীণ ব্যাংকের শাখা, থানা ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা-আগুনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আনার লক্ষ্যে গত বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্তে বৈঠক হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে। সেখানে বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। কথা হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে।

তিনি দেশ রূপান্তরকে বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তবে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছে সে বিষয় বাদে বাকিটা বাস্তবায়ন করবে। সংলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নেবেন।

প্রেস উইংয়ের ওই সদস্য দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আগামীকাল সোমবার (আজ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। লন্ডন সফর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে বিদেশ সফরে রয়েছেন এবং আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হতে পারে এবং পর্যায়ক্রমে অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এই সংলাপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

প্রথম দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে এনসিপির সঙ্গে বৈঠক হবে। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসছেন। আশা করি, চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান হবে। দেশজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তা-ব ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

এদিকে গতকাল রবিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।’ তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন নাহিদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে ক্ষমাও চাইতে হবে। নাহিদ বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে সরকার জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আন্তরিক কি না, তার স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব। অন্যথায় সরকার শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে জাতীয় ঐক্যের আহ্বান জানাবে, আর জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এরপর ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রায় কার্যকর এবং গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যকে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণ, সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও প্রতিষ্ঠার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে হলে সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ইতিমধ্যেই সরকারপ্রধানের ঐক্যের ডাকে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং সংলাপের তারিখ নির্ধারণের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশও সংলাপে অংশ নেবে। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সাধারণ ভিত্তি জোরদার হওয়ার আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।

উল্লেখ্য, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। ৯ নভেম্বর রাতে বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের পর ১০ নভেম্বর ধর্মঘট কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটে। ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে বিক্ষোভের পাশাপাশি সরকারি স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা বাড়ে। টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পুলিশ সদস্যরা চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ এবং বিজিবির ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এরপরও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

এ ছাড়া চোরাগোপ্তা ককটেল হামলা, পুলিশের স্থাপনা ও যানবাহন, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ। সামাজিক মাধ্যমে এসব হামলার ভিডিও শেয়ার করে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর উচ্ছ্বাস প্রকাশের ঘটনাও সামনে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত