গোপালগঞ্জে খুলেছে অফিস দোকানপাট

সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট। কর্মজীবী মানুষের পাশাপাশি সাধারণ মানুষও ফিরতে শুরু করেছেন দৈনন্দিন কাজে। জেলায় ৫৫ প্লাটুন বিজিবি এবং ১৫ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

তবে রাজধানী ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে গতকাল রবিবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। আগের দিন রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ : গতকাল রবিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলার সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে ক্লাস চলেছে। এমনকি সরকারি বেসরকারি বিভিন্ন অফিসও খুলতে দেখা গেছে। তবে এদিন থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি সব বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে। ছেলেদের ও মেয়েদের আবাসিক হলের জন্য একটি করে ডাইনিং চালু থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে বিজিবি, আনসার ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সকাল থেকেই তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক, কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৫৫ প্লাটুন বিজিবি এবং ১৫ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা জনগণের জানমাল, সরকারি সম্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা মিসকল’ কর্মসূচি কেন্দ্র করে রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সব মিলিয়ে কয়েক দিনের উত্তেজনা ও সহিংসতার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

ঢাকায় ককটেল বিস্ফোরণে আহত ১ : রাজধানীতে কবি নজরুল সরকারি কলেজের সামনে গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, জাহাঙ্গীরের বাসা লালবাগ এলাকায়। কবি নজরুল কলেজে পার্টটাইম মালী হিসেবে কাজ করেন তিনি। সন্ধ্যায় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সেখানকার এক দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন। এ সময় উপর থেকে একটি ককটেল এসে তার মাথার ওপর পড়ে। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাসচালকের বরাত দিয়ে জানান, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না। অন্যদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েন। তার দাবি, কোনো দুর্বৃত্ত নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।

টেকনাফে বিপুল বিস্ফোরকসহ আটক ২ : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় মো. মেহেদী হাসান (১৯) ও মো. ইব্রাহিম (১৮) নামের দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। গতকাল রবিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযানকালে এসব আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক পরিবহন করা হচ্ছিল।

আটক মেহেদী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে। আর ইব্রাহিম দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে।

আটক সামগ্রীর মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তিন ধরনের বিস্ফোরক দানা, প্লাস্টিক বিস্ফোরক, গানপাউডার, স্টিলের ছোট বল ও পেরেকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্লাস্টিক বিস্ফোরক ৩ কেজি ৭০৯ গ্রাম, গানপাউডার ৩ কেজি ১৭২ গ্রাম, মোটা দানার বিস্ফোরক ১ কেজি ৮৫২ গ্রাম, মাঝারি দানার ২ কেজি ৭০৮ গ্রাম এবং মিহি দানার বিস্ফোরক ২ কেজি ৪৯ গ্রাম। এ ছাড়া ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও তিন কেজি পেরেক জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকা-ে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুদ এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আটক দুজন, উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও জব্দ করা যানবাহনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় সোপর্দ করা হয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন, নিজস্ব প্রতিবেদক ঢাকা, গোপালগঞ্জ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) ও টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি]